জার্নি বাই লঞ্চ

দুটি পাতিহাঁস নিয়ে লঞ্চে উঠছিলেন চুমকী। পেছন থেকে একজন বললেন, ‘ও খালা, বেচবেন নাকি?’ আটপৌরে পোশাকের চুমকীকে চিনতে পারেন না সেই লঞ্চযাত্রী। কিংবা তাঁর হয়তো দেখা হয়নি চুমকী অভিনীত নাটকগুলো। তিনি এখন আর শুধু অভিনেত্রীই নন, পরিচালকও!
গত শনিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে যাত্রা করে এমভি বোগদাদিয়া-৭ লঞ্চটি। বাঁশি বেজে ওঠার পর চাঞ্চল্য দেখা যায় শেষ সময়ের যাত্রীদের। সঙ্গে নাজনীন হাসান চুমকীর ৩০ জনের দলটিরও। অভিনয়শিল্পী ও কলাকুশলী নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সময় মাত্র সাড়ে তিন ঘণ্টা, নিতে হবে অনেক শট। ঈদে এসএ টিভির জন্য তিনি নির্মাণ করছেন ছয় পর্বের নাটক জার্নি বাই লঞ্চ।
লঞ্চযাত্রীরা আনন্দ নিয়ে শুটিং দেখছিলেন। কেউ কেউ সেলফি তুলছিলেন শিল্পীদের সঙ্গে। ঈদে লঞ্চ ও রেলগাড়িতে বাড়িফেরা মানুষের গল্প অনেক। তাঁদের নিয়েই চুমকীর নাটকের গল্প। পুরো শুটিং লঞ্চে—চাঁদপুর টু ঢাকা, ঢাকা টু চাঁদপুর। ওই বিকেলের লঞ্চটি ৫ নম্বর। চুমকী বললেন, ‘নাটকের মূল চরিত্রই লঞ্চ। আমরা দেখাব ঈদ করতে বাড়ি যাওয়া একটি মুসলমি পরিবার, ইতালিফেরত এক যুবক, কয়েকজন তরুণের গল্প। আমাকে দুটি হাঁস নিয়ে উঠতে দেখা যাবে।’ মুচকি হেসে বলেন, ‘আমি আসলে চোর।’
যাত্রী ও লঞ্চকর্মীদের কাছে খুব সহযোগিতা ও সম্মান পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন চুমকী। এই খবরটি যখন লেখা হচ্ছে, তখন চলছিল শেষ দিনের শুটিং। ফোনে সে রকমই জানালেন চুমকীর তরুণ সহকারী নিভান।
নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিশু সাব্বির, নাদিয়া মিম, তাসনুভা তিসা, জামাল রাজা, জুলফিকার চঞ্চল প্রমুখ। রচনা ও পরিচালনা করেছেন নাজনীন হাসান চুমকী।