জাহিদ হাসানের অন্য রকম বক্তৃতা

সাধারণত বক্তৃতা মানে গুরুগম্ভীর কোনো বিষয় নিয়ে দীর্ঘ কথাবার্তা। বক্তৃতার কথা শুনলেই কেউ কেউ উল্টো পথে পালানোর চেষ্টা করেন। কিন্তু গত বুধবার রাতে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে জাহিদ হাসানের বক্তৃতা মোটেও তেমনটা ছিল না। নাটকের সংলাপের মতোই সরস ছিল তাঁর বক্তৃতা।
বুধবার ছিল সিরাজগঞ্জের নাট্যদল ‘নাট্যলোক’-এর ১৬ বছর পূর্তিতে আয়োজিত সাত দিনের নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক ছিলেন নাট্যলোকের প্রধান উপদেষ্টা অভিনেতা জাহিদ হাসান। স্মৃতি ঘেঁেট নিজের বক্তৃতায় জাহিদ হাসান তুলে আনেন অভিনেতা আলী রাজের সঙ্গে রিকশায় চড়ে সিরাজগঞ্জ শহর চষে বেড়ানোর কথা। অনুষ্ঠানের অতিথি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সঙ্গে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নাটক করার কথাও মনে করেন তিনি। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে তাঁর কাটানো সময়গুলোর কথাও বক্তৃতার মধ্য দিয়ে সবাইকে জানান তিনি। অনেকবার অভিনেতা আসাদুজ্জামান নূরের সঙ্গে বিদেশ ভ্রমণ করলেও মন্ত্রী নূরের সফরসঙ্গী হিসেবে অন্তত একবার বিদেশ ভ্রমণের ইচ্ছাও প্রকাশ করেন। আর এ শুনেই মিলনায়তনের দর্শকদের মধ্যে পড়ে যায় হাসির রোল।
গৎবাঁধা বক্তৃতার দিকে না গিয়ে অতিথি সারিতে বসা সবার ব্যাপারে কিছু না কিছু বলে সবাইকে বিনোদিত করেন জাহিদ হাসান। বক্তব্যের এক ফাঁকে অভিনেতা আলী রাজকে ‘ওস্তাদ’ বলেও সম্বোধন করেন। শোনান নিজের প্রেমের গল্পও! তবে সবশেষে অনুষ্ঠানটি আয়োজনে যাঁরা সহযোগিতা করেছেন এবং এতে অংশ নেওয়া নাট্যজগতের সব অতিথিকে ধন্যবাদ দিতেও ভোলেন না।
নাট্যলোকের ১৬ বছর পূর্তির অনুষ্ঠানে সিরাজগঞ্জের অধিবাসী চলচ্চিত্র অভিনেতা আলী রাজকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর নাট্যলোক মঞ্চায়িত করে ধীবর গাথা নামের একটি নাটক।