জি বাংলায় 'হাজারো কণ্ঠে বর্ষবরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’
‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’

ভারতের জি বাংলা চ্যানেলে এবার সরাসরি দেখানো হবে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ আয়োজন। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে যৌথভাবে এই আয়োজন করেছে সানসিল্ক, চ্যানেল আই ও সুরের ধারা। অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়।

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘কাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত “হাজারো কণ্ঠে বর্ষবরণ” আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে জি বাংলা। এবারই প্রথম ভারতের কোনো টিভি চ্যানেলে এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের দর্শকেরা আমাদের বর্ষবরণ উপভোগ করতে পারবেন।’

‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের অন্যতম পরিচালক আমীরুল ইসলাম। তিনি জানান, কাল গাজী আবদুল হাকিমের বাঁশি আর ফিরোজ খানের সেতারবাদনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি গাইবেন রবীন্দ্রসংগীত ‘ওঠো ওঠো রে—বিফলে প্রভাত বহে যায় যে’। তাঁর নেতৃত্বে সারা দেশ থেকে আসা এক হাজার শিল্পী এই অনুষ্ঠানে পঞ্চকবি, লোকগান ও লালনের গান করবেন। থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানও। অনুষ্ঠানে আরও গান করবেন অতিথি শিল্পী তপন মাহমুদ, শাহীন সামাদ, রফিকুল আলম, সামিরা আব্বাসী ও কোনাল। আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম ও আফজাল হোসেন। 

আমীরুল ইসলাম বলেন, এরই মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এক হাজার শিল্পীকে বাছাই করা হয়েছে। গত ১৫ দিন তাঁরা লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে মহড়া করেছেন। সঙ্গে আরও থাকবেন সুরের ধারার শিল্পী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
জি বাংলা সকাল নয়টা পর্যন্ত করলেও চ্যানেল আই দুপুর ১২টা পর্যন্ত ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে। তখন আরও থাকবে দেশের বিশিষ্ট শিল্পী ও ব্যান্ডের গান, নাচসহ নানা কিছু।
এই আয়োজনে থাকবে বৈশাখী মেলা। এখানে থাকবে পিঠা, মাটির তৈরি তৈজসপত্র, কাঁথাসহ বেত, পিতল, পাটজাত নানা জিনিস।