জয়ের অনুভূতি যেমন...
ওয়ানডে বা টি-টুয়েন্টি খেলা হলেই গ্যালারিতে দেখা মেলে তারকাদের। বাংলাদেশ-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ বলেই হয়তো গ্যালারিতে তাঁদের আনাগোনা একটু কম। তবে মাঠে না গেলেও টিভি ও অনলাইনে খেলার সঙ্গে যুক্তই থেকেছেন তাঁরা। উপভোগ করেছেন ইংল্যান্ড-বধের সেই মুহূর্ত। সেই অনুভূতিই বলেছেন তরুণ কয়েকজন তারকা। তাঁদের সঙ্গে কথা বলে লিখেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

ফিলিং গুড
মিশু সাব্বির, অভিনেতা
সরাসরি খেলা দেখা হয়নি। কিন্তু সব সময় আপডেট নিচ্ছিলাম। গত টেস্টটা আমরা জিততে জিততেও হেরে গেছি। কিন্তু এটা জিতে খুব ভালো লাগছে। আমার অনুভূতি হলো, ফিলিং গুড। আর মিরাজের মতো নতুন ট্যালেন্ট যত আসবে, আমাদের জন্য তত ভালো।

ফ্যান্টাস্টিক অনুভূতি
সাবিলা নূর, অভিনয়শিল্পী
বাইরে খেতে গিয়েছিলাম। সেখানেই খেলার শেষটা দেখেছি। ফেসবুকে শুধু সাকিবের স্যালুটের ছবি। এটা দেখে খুব মজা লাগছে। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জিতেছে। এই অনুভূতি বলে বোঝানো কঠিন। আর মিরাজের পারফরম্যান্স তো ফ্যান্টাস্টিক। মজার ব্যাপার হলো, কিছুদিন আগে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেট খেলোয়াড়দের একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে মিরাজের সঙ্গে কথা হয়েছিল। কারণ, ওই অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছিলাম।

মিরাজ যা দেখাল!
তৌসিফ মাহবুব, অভিনয়শিল্পী
আজ শুটিং ছিল না। তাই খেলা বাসাতেই দেখেছি। পুরোটা অবশ্য দেখা হয়নি। শেষটুকু দেখেছি। এক কথায় দারুণ লেগেছে। বিশেষ করে মিরাজের কথা বলব—যা দেখাল সে। সত্যি কথা কি, প্রতিটি সিরিজেই যদি এ রকম একটা করে খেলোয়াড় পাওয়া যায়, তাহলে সামনে আমাদের দিন। অপেক্ষায় থাকলাম সেই দিনের জন্য।

বাংলাদেশ-ইংল্যান্ড সমান সমান
ইমরান, সংগীতশিল্পী
খেলা দেখেছি। এটা একটা অস্বাভাবিক জয়। অনুভূতিটা দারুণ। জয়ের পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এখন বাংলাদেশ-ইংল্যান্ড সমান সমান। তবে আলাদা করে তামিম ও সাকিবের খেলা আমার ভালো লাগে।

সাকিবের স্যালুট...
কিশোর, সংগীতশিল্পী
আমি নিয়মিত খেলা দেখতে যাই। কিন্তু আজ যাইনি। আফসোস, এই জয়ের সময় স্টেডিয়ামে থাকতে পারলাম না। বাংলাদেশ জিতলে তো সব সময় ভালো লাগে। আর টেস্টে ইংল্যান্ডের মতো একটা দলকে হারানো, এটা একটা বিরাট ব্যাপার। সবচেয়ে ভালো লেগেছে, সাকিব আল হাসানের স্যালুটটা। এটা একটা ‘সুপার’ কাজ হয়েছে।

ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়
শবনম ফারিয়া, অভিনয়শিল্পী
বাংলাদেশ আজ যা দেখাল, এটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। আমি খেলা শেষ হওয়ার পরপর স্ট্যাটাসই দিতে পারিনি। ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সাকিবকে আমি একটা স্যালুট দেব। আর এর আগের টেস্টে দেশের বাইরে ছিলাম। একটু পরপর স্কোর দেখেছি। তখন মনে হয়েছিল ইশ্, একটুর জন্য জিততে পারলাম না। কিন্তু আশা হারাইনি। আশা না হারানোর কারণেই আজ জয় পেলাম।

আমি কেঁদে ফেলেছিলাম
ঈশিকা খান, অভিনয়শিল্পী
আমি স্বামীর সঙ্গে লন্ডনে বসে খেলা দেখেছি। আমার মনের অবস্থা বোঝেন, লন্ডনে বসে ইংল্যান্ডের হার দেখা। এই অনুভূতি বোঝাতে পারব না। ইংল্যান্ডের শেষ উইকেটটা যখন পড়ল, তখন আমি কেঁদে ফেলেছিলাম। অনেকক্ষণ পর সেই কান্না থেমেছে।