ঝড়ের কবলে শুটিং ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষ টেলিছবির দৃশ্য
বিষ টেলিছবির দৃশ্য

সবকিছুই ঠিক ছিল। অভিনয়শিল্পী, ক্যামেরা, লাইট এবং সেটও। এক দিনের শুটিংও হয়ে গেছে। কিন্তু রাত ১২টার আকস্মিক ঝড়ে সবকিছুই শেষ। গত সপ্তাহে রাজশাহীর পদ্মার পাড়ে আঘাত হানা ঝড়ে বিষ নামের একটি টেলিছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে। টেলিছবিটির পরিচালক কিশোর মাহমুদ। এতে অভিনয় করছেন চাঁদনী, সাব্বির আহমেদ, প্রবীর মিত্র, সুমী ইসলাম ও বেদেদের একটি দল। মূলত বেদেদের জীবনচিত্র এবং টানাপোড়েন নিয়ে টেলিছবির গল্প। এ কারণেই পদ্মার পাড়ে ছয়টি নৌকা দিয়ে বেদেবহরের একটি সেট নির্মাণ করেছিলেন পরিচালক। ছিল শুটিং ইউনিটের কর্মীদের যাতায়াতের জন্য দুটি নৌকা।
গত মঙ্গলবার রাত পর্যন্ত শুটিং করেছিলেন সবাই। কিন্তু শুটিং শেষ করে ফিরে আসার সময়ই কালবৈশাখীর কবলে পড়ে পুরো ইউনিট। তবে অভিনয়শিল্পীরা নিরাপদ স্থানে চলে এলেও সেটের তিনটি নৌকা হারিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পুরো সেট। তবে শুটিং-সংশ্লিষ্ট কেউ হতাহত হননি। পরিচালক কিশোর মাহমুদ বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে। তবে সবকিছু কাটিয়ে আমরা কাজটা শেষ করতে চাই।’
অভিনেত্রী চাঁদনী টেলিছবি সম্পর্কে বলেন, ‘টেলিছবিতে আমি বেদেনীর চরিত্রে অভিনয় করেছি। দুটি নাচও পরিবেশন করতে হবে আমাকে। কিন্তু এই দুর্ঘটনায় আমরা সবাই খুব ভেঙে পড়েছি। এখন ভালোভাবে কাজটা শেষ করতে চাই।’