ঝুমুরের 'স্বপ্ন সদাই'

উপস্থাপনা করে এরই মধ্যে সবারই নজর কেড়েছেন নাফিসা ঝুমুর। গাজী টিভিতে খেলা বিষয়ক অনুষ্ঠান ‘হাইলাইট’, ‘ক্রিকেট ম্যানিয়া’সহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এবার সেই উপস্থাপনার তালিকায় যুক্ত হলো নতুন আরও একটি নাম। বৈশাখী টিভিতে বিডিং শো ‘স্বপ্ন সদাই’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন এই উপস্থাপক।
ঝুমুর বলেন, ‘আমরা অনুষ্ঠানটির জন্য বেশ কয়েক দিন মহড়াও করেছি। বাংলাদেশের টিভি অনুষ্ঠানের জগতে এটি একটি দারুণ অনুষ্ঠান হবে।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বৈশাখী টিভির দুই প্রযোজক এস আর রুমেল ও এস আলী সোহেল। অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে কথা হলো প্রযোজক সোহেলের সঙ্গে।
সোহেল বলেন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠান প্রচারকালীন খুদে বার্তা ও ফোন কলের মাধ্যমে পণ্যের সঠিক দাম বলে দর্শক তাৎক্ষণিকভাবে সেই পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি প্যাকেজে থাকবে সাত হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার পণ্য, যা মাত্র একটি সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেওয়া সম্ভব।
সোহেল আরও জানান, আগামী ৭ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রচার হবে ‘স্বপ্ন সদাই’। অনুষ্ঠানটি প্রচারিত হবে সুপারশপ ‘স্বপ্ন’-এর সৌজন্যে।