টমবয় রুহি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন রুহি। এবার সম্পূর্ণ ভিন্নরূপে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হচ্ছেন তিনি। আগে কোনো বিজ্ঞাপনচিত্রেই তাঁকে এভাবে দেখা যায়নি। পরনে জিনস, গায়ে লাল টি-শার্ট ও কালো চামড়ার জ্যাকেট। আর মাথায় হেলমেট। রুহিকে দ্রুতগতিতে মোটরবাইক চালাতেও দেখা যাবে। তা-ও আবার ঢাকার রাস্তায়! অবশ্য আগে থেকেই বাইক চালাতে পারায় কাজ করতে খুব একটা বেগ পেতে হয়নি তাঁকে।

সম্প্রতি ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং নরসিংদীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করা হয়। একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনের জন্য রুহিকে দুদিন মোটরবাইক চালাতে হয়েছে।

রুহি বলেন, ‘আমি কিন্তু আগে থেকেই বাইক চালাতে পারি। তাই একটুও সমস্যা হয়নি। আসলে বিজ্ঞাপনচিত্রে আমাকে টমবয় ধরনের মেয়ে হিসেবে দেখা যাবে। তাই এভাবে বাইক চালাতে হয়েছে।’

বিজ্ঞাপনচিত্রের গল্পে রুহি দুরন্ত মেয়ে। তিনি বাইক চালাতে পছন্দ করেন। এ বিষয়ে বেশ সচেতন। তাঁর মা-বাবা চান, মেয়ে খাবারের প্রতিও যেন সচেতন হয়। নইলে ফিটনেস ধরে রাখা যাবে না। রুহি অভিনীত নতুন বিজ্ঞাপনচিত্রে আরও থাকছেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত।

রুহি অভিনীত নতুন বিজ্ঞাপনচিত্রটির পরিচালক দিপু সিকান্দার। খুব শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।

এদিকে রুহি এখন যুক্তরাজ্যে আছেন। তিনি সেখানে তাঁর স্বামী পরিচালক মনসুর আলীর সংগ্রাম ছবিটি নিয়ে আন্তর্জাতিক দুটি উৎসবে অংশ নেবেন।

র‍্যাম্প মডেল হয়ে শোবিজে এলেও রুহি এখন ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে একই দিনে বাংলাদেশ ও ভারতের কলকাতায় একসঙ্গে মুক্তি পেয়েছে রুহি অভিনীত দুটি ছবি। এগুলো হচ্ছে অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি এবং কলকাতার মহুয়া চক্রবর্তী পরিচালিত গ্ল্যামার। প্রথমটিতে রুহি অভিনয় করেছেন মাহফুজ আহমেদের বিপরীতে আর পরেরটিতে তাঁর সহশিল্পী পরমব্রত।