টিকা নিয়ে প্রতারণার শিকার নায়িকা

মিমি চক্রবর্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া টিকা নিয়েছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তবে এখনো ভালো আছেন তিনি। নিজের এলাকায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্প উদ্বোধন করে সেখান থেকে কোভিড-১৯ টিকা গ্রহণ করে প্রতারণার শিকার হন মিমি। গতকাল একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তাঁর কিছুই হয়নি, এখনো তিনি ভালোই আছেন।

মিমি চক্রবর্তী

গত মঙ্গলবার কসবার নিউমার্কেট এলাকায় একটি কোভিড-১৯ টিকা ক্যাম্প উদ্বোধন করে সেখানেই টিকা নেন মিমি। বিশেষভাবে সক্ষম শিশু ও তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা দেওয়ার জন্য ওই ক্যাম্প চালু করা হয়। আমন্ত্রণ পেয়ে মিমি সেখানে হাজির হন এবং অন্যদের উত্সাহিত করতে ওই ক্যাম্প থেকে নিজেও টিকা নেন। ভ্যাকসিনেশন ক্যাম্পটির উদ্যোক্তা দেবাঞ্জন দেব। সংবাদমাধ্যমকে মিমি জানিয়েছেন, ‘কাজটিকে উৎসাহিত করতে আমি সেখানে গিয়েছিলাম, ওখানে নিজেও ভ্যাকসিন নিই। কিন্তু ফোনে কোনো মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলেও তারা জানায়, সেটা বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু দেয়নি। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করায় বলেছে, তিন–চার দিন সময় লাগবে। এরপরই বুঝতে পারি, নিশ্চয়ই বিষয়টার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে।’ এরপর মিমি নিজে ওই ক্যাম্প থেকে টিকা গ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, তাঁদের অভিজ্ঞতাও একই। এরপরই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন মিমি।

ভ্যাকসিন নিচ্ছেন মিমি

মিমির অভিযোগ তদন্ত করতে পুলিশ গ্রেপ্তার করেছে দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তিকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ রকম ভ্যাকসিনেশন ক্যাম্প কীভাবে দেওয়া হলো, টিকাই–বা কোথা থেকে এল? ওই ক্যাম্পে ছিল কোভিশিল্ডের টিকা। সেটা আসল নাকি নকল, পরীক্ষার জন্য ইতিমধ্যে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

গতকাল এক ভিডিও বার্তায় মিমি বলেছেন, টিকার নামে তাঁকে যা দেওয়া হয়েছে, সেটা ভুয়া ছিল বটে, কিন্তু তিনি সুস্থ আছেন। যাঁরা ওই ক্যাম্প থেকে টিকা নিয়েছেন, তাঁদেরও তেমন কিছুই হবে না বলে প্রত্যাশা করেছেন মিমি। তিনি জানান, ওই ক্যাম্পের টিকাসদৃশ জিনিসগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। চার থেকে পাঁচ দিন পর জানা যাবে যে ওগুলোর ভেতরে আসলে কী আছে। এ ছাড়া করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার আহ্বান জানিয়েছেন মিমি। সূত্র: হিন্দুস্তান টাইমস