টিভি পর্দায় মাকে নিয়ে বিন্দু

বিয়ের পর পরিবার ছাড়া সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে দূরে সরে যান বিন্দু। কিছুদিন আগে হঠাৎ আবার তাঁর দেখা মিলে। দু-একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকলেও কোনো টেলিভিশন অনুষ্ঠানে তাঁকে পাওয়া যায়নি। সম্প্রতি বিন্দু একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিলেন। তাও আবার মাকে সঙ্গে নিয়ে। আরটিভির জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘আমি আর মা’।
তানিয়া আহমেদের উপস্থাপনায় তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিওতে বিন্দু ও তাঁর মায়ের অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ শেষ হয়। মা দিবসে কাল রোববার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
‘আমি আর মা’ অনুষ্ঠানে বিন্দু তাঁর জীবনে মায়ের ভূমিকার কথা দর্শকের সামনে তুলে ধরবেন। এদিকে বহুদিন পর টেলিভিশনের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পেরে ভালো লেগেছে বলে জানান বিন্দু। সোমবার দুপুরে প্রথম আলোকে বিন্দু বললেন, ‘আমার মা সাধারণত খুব একটা টেলিভিশনের পর্দায় আসতে চান না। তিনি নিজের মতো করে থাকতে চান। কিছুদিন পর আমার বাবা-মা দুজনে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। তার আগে মাকে নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারটি একেবারে অন্যরকম লেগেছে। বহু আগে একবার অবশ্য মাকে নিয়ে টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এবার পুরোটা সময় আমি ও মা খুব উপভোগ করেছি। সবাই আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে তাও ছিল মুগ্ধ করার মতোই।’
২০১৪ সালের ২৪ অক্টোবর ব্যবসায়ী আসিফ সালাউদ্দিনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী আফসান আরা বিন্দু। এরপর অভিনয় থেকে নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নেন তিনি। সংসারে নিজেকে মনোযোগী করেন। ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ বিন্দু টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’। এ ছাড়া অন্য ছবিগুলো হচ্ছে খিজির হায়াতের ‘জাগো’, পি এ কাজলের ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’ ও সোহেল আরমানের ‘এই তো প্রেম’।