টেলিভিশনে নাটক চালাতে অনাপত্তিপত্র লাগবে

টেলিভিশন চ্যানেলে নাটক চালাতে প্রযোজকের লাগবে অনাপত্তিপত্র। নাট্যকার, পরিচালক ও অভিনেতা—প্রত্যেককে নিজ নিজ সংগঠনের সদস্য হতে হবে টেলিভিশনে তাঁর কাজ প্রচার করতে হলে। টেলিভিশন ইন্ডাস্ট্রির সংগঠনগুলো বলছে, ইন্ডাস্ট্রির নিয়ম-শৃঙ্খলা ফেরাতে অনাপত্তিপত্রসহ আরও নানা উদ্যোগ গ্রহণ করছে তারা।
বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটক নিয়ে রয়েছে নানা অভিযোগ। মানহীন নাটক, শুটিংয়ে বিশৃঙ্খলা, ঠিকমতো শুটিং সেটে অভিনয়শিল্পীর উপস্থিত না হওয়া, অভিনয়শিল্পীকে সময়মতো পারিশ্রমিক না দেওয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত এই ইন্ডাস্ট্রি। সেখানে শৃঙ্খলা আনতে উদ্যোগ নিচ্ছে টেলিভিশন নাটকের আন্তসংগঠনগুলো।
ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘের নেতারা সম্প্রতি একটি বৈঠক করেছেন। সেখানে টেলিভিশন নাটকের উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়, যা আগামী নভেম্বর থেকে কার্যকর করার কথা জানান সংগঠনগুলোর নেতারা।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘নাটকের মান, শুটিংয়ে বিশৃঙ্খলা—সেটা সময় হোক কিংবা নিয়মানুবর্তিতার; পারিশ্রমিক দেওয়াসহ নানা ক্ষেত্রে যে ঝামেলাগুলো চলছে, সে সমস্যাগুলো দূর করার জন্য আমরা পয়লা নভেম্বর থেকে মাঠে নামব। এ নিয়ে আন্তসংগঠনগুলো মিলে একটি চুক্তিপত্র তৈরি করছি। বছর তিনেক আগে এ বিষয়ে একটা বোঝাপড়া হয়েছিল। সেখানে অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজকের কাজ, পারিশ্রমিক দেওয়া, সময় অনুযায়ী শুটিং শুরু ও শেষ করাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত ছিল। বিষয়গুলোর আলোকে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। তার আলোকে পয়লা নভেম্বর থেকে সব নাটকের ক্ষেত্রে এটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। প্রতিটি নাটকের ক্ষেত্রেই একটি করে চুক্তি হবে। যেকোনো কাজের ক্ষেত্রে একটি লিখিত চুক্তি থাকা দরকার।’
এই অভিনেতা আরও বলেন, তাঁরা বিষয়গুলো নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গেও কথা বলছেন, আরও মিটিং হবে। সেলিম বলেন, ‘আমরা চাইব, টেলিভিশন চ্যানেলের নাটকগুলোতে অভিনয় শিল্পী সংঘের অন্তর্ভুক্ত শিল্পীরা কাজ করবেন। হুট করে বাইরের কাউকে অভিনয়ে নেওয়া যাবে না। এই দাবিগুলো এখানে আলোচনা হয়েছে।’
শহীদুজ্জামান সেলিম আরও জানান, এখন থেকে টেলিভিশনে নাটক প্রচারের ক্ষেত্রে অনাপত্তিপত্র লাগবে। তিনি বলেন, ‘একটা অনাপত্তিপত্র দেওয়া হবে। এটা গুরুত্বপূর্ণ। এই সনদ না থাকলে কোনো নাটক সম্প্রচারের জন্য গ্রহণযোগ্য হবে না। এ রকম একটি অবস্থার দিকে আমরা যাচ্ছি। আমরা চাই, টেলিভিশন মিডিয়া একটা সূত্রে গাঁথা থাকবে। একটা নিয়মে চলবে। এর যদি ব্যত্যয় ঘটে, আন্তসাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।’
টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজাও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই সংগঠনের সদস্য ছাড়া কেউ মিডিয়াতে কাজ করতে পারবে না, এ রকম একটা জায়গায় পৌঁছাতে হবে। সংগঠনের সঙ্গে থাকতে হবে। বাইরের দেশে এটা চালু আছে। সেই বিষয়টা কীভাবে করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেছি।’
অনাপত্তিপত্রের ব্যাপারে মাসুম বলেন, ‘কোনো প্রযোজক যদি কোনো নাটক নিতে চান, সেই নাট্যকারের অনাপত্তিপত্র থাকতে হবে। কোনো অভিনয়শিল্পীকে নিতে হলে সেই সংগঠনের সদস্যপদ থাকতে হবে। এর মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করতে চাই আমরা। যে-ই কাজ করুক, সে প্রযোজকের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করবে। সেখানে পারিশ্রমিক থেকে শুরু করে সবকিছু লেখা থাকবে।’
তাহলে বলা হবে নাট্যকার সংঘের কাছ থেকে সদস্যপদ নিয়ে আসতে। না হলে এই নাটক প্রচার করা হবে না।
কিন্তু সাংগঠনিক ব্যাপারগুলো একসময় কেবল নেতৃত্ব বা পাওয়ার প্র্যাকটিসের ব্যাপার হয়ে দাঁড়ায়। এ রকম কিছুর আশঙ্কা আছে কি না? জানতে চাইলে মাসুম রেজা বলেন, ‘না, এটা একটা শৃঙ্খলা। সারা পৃথিবীতে এমনভাবে কাজ হচ্ছে। মিডিয়ার যে শাখায় কাজ করব, সেই শাখার সংগঠনের সদস্যপদ থাকতে হবে। না হলে কাজ করতে পারব না। পাশের দেশ ভারতের কলকাতায় গিয়ে কাজ করতে হলে তাঁকে সেখানকার সাময়িক সদস্যপদ নিয়ে কাজ করতে হবে। না হলে তো যে কেউ যেকোনো জায়গায় গিয়ে ইচ্ছেমতো কাজ করতে থাকবে। এ রকম হলে যে কেউ নাট্যকার হয়ে যাবে, অভিনেতা হয়ে যাবে।’
ডিরেক্টরস গিল্ডসের সভাপতি সালাহউদ্দিন লাভলুর মতে, প্রত্যেকের কাজকে নির্দিষ্ট ও সুচারুরূপে নিয়মানুযায়ী করার জন্যই এই উদ্যোগ। তিনি বলেন, মূলত ইন্ডাস্ট্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই উদ্যোগ। এটা করার জন্য প্রতিটি কাজের ক্ষেত্রে প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী—সবাই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। এই উদ্যোগের অন্যতম একটি ব্যাপার হলো, যিনি যে শাখায় কাজ করবেন, সেই শাখার সংগঠনের সদস্যপদ ছাড়া কাজ করাটা কঠিন হয়ে যাবে। নতুন কোনো পরিচালক কাজ করতে চাইলে তিনি কী করবেন? এমন প্রশ্নে লাভলু বলেন, তাঁকে ডিরেক্টরস গিল্ডসের সদস্য হয়ে তবেই নাটক পরিচালনায় আসতে হবে।
আগেও নিয়ম-শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছুদিন করার পরে সেটি আর কার্যকর থাকেনি। নেতাদের আশা, এবার ঠিকঠাক নিয়মমাফিক কাজ করার প্রক্রিয়া শুরু করতে পারবেন তাঁরা।