টেলিভিশনের কাছে ৩, সরকারের কাছে ২ দাবি এফটিপিওর

দেশের বেসরকারি চ্যানেলগুলোতে বাংলায় ডাবকৃত বিদেশি অনুষ্ঠান বন্ধ করা, ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি কলাকুশলীদের অবৈধ অংশগ্রহণ বন্ধ করতে হবে। টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এই দাবিগুলো জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। দেশের টিভি অনুষ্ঠানে বিদেশি শিল্পীদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে সরকারের অনুমতি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোতে নিবন্ধন করতে হবে। এ ছাড়া অনুষ্ঠান নির্মাণ সরঞ্জামাদি যেমন ক্যামেরা, লাইট ও অন্যান্য জিনিসপত্র বিদেশ থেকে আনার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। সরকারের কাছে তাঁদের দাবি হচ্ছে, টেলিভিশন শিল্পের সব ক্ষেত্রে ন্যূনতম এআইটি নির্ধারণ ও যৌক্তিক হারে পুনঃনির্ধারণ এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ব্যবস্থাপনা ছাড়া যথাযথ নিয়মনীতি অনুসরণ করতে হবে। সংগঠনের আহ্বায়ক মামুনুর রশীদের উপস্থিতিতে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সদস্যসচিব গাজী রাকায়েত। এ ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিল্পী এবং কলাকুশলীরা।
আগামী ৩০ নভেম্বর সারা দেশে শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেদিন সংগঠনের সদস্যরা শহীদ মিনারে অবস্থান নিয়ে নানা রকম সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সরকার ও টেলিভিশন চ্যানেলের কাছে তাদের দাবিগুলো আবারও তুলে ধরবে তারা। সংবাদ সম্মেলনের পর স্ক্রল খবরে এটিএন বাংলা জানিয়েছে, তারা ডাবকৃত বিদেশি অনুষ্ঠান চালাবে না।
অভিনয় শিল্পী সংঘের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহসান হাবিব নাসিম ও শামস সুমন, ডিরেক্টরস গিল্ডের পক্ষে গাজী রাকায়েত ও এসএ হক অলিক, প্রডিউসারস অ্যাসোসিয়েশনসের পক্ষে মনোয়ার পাঠান, নাট্যকার সংঘের পক্ষে মাসুম রেজা ও মেজবাহ উদ্দিন, টেনাশিনাসের পক্ষে রফিকুল্লাহ সেলিম, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের পক্ষে টি ডব্লিউ সৈনিকসহ ফেডারেশনের অন্যান্য গিল্ডের প্রতিনিধিরা।
বাংলাদেশের ক্রমবিকাশমান আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের টেলিভিশন শিল্প মাধ্যমটিও বিস্তৃতি লাভ করেছে। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে আরও অনেক পেশাজীবীর। বর্তমানে এ অঙ্গনে বিদ্যমান নানা প্রতিকূলতা, পেশাগত অনিশ্চয়তা ও অর্থনৈতিক ও দেশীয় সংস্কৃতির পরিপন্থী নানা অবস্থা সৃষ্টি হওয়ায় একত্র হয়েছে পেশাজীবী সংগঠনগুলো। গত পয়লা নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস’ (এফটিপিও) নামে এ ফেডারেশন গঠন করা হয়।