ড. জোহাকে নিয়ে 'দাবানল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবানল ছবির একটি দৃশ্য
দাবানল ছবির একটি দৃশ্য

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি! এই দিনে হত্যা করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর ড. শামসুজ্জোহাকে। ছয় দফা আন্দোলনে তখন উত্তাল পূর্ব পাকিস্তান। এর কিছুদিন আগেই হত্যা করা হয়েছিল আসাদ, মতিউর, সার্জেন্ট জহুরুল হককে। এ সময় ড. শামসুজ্জোহাকে হত্যার পর সারা দেশে দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন, কারফিউ ভাঙে জনতা।
আমাদের জাতীয় ইতিহাসের আড়ালে চলে যাওয়া গুরুত্বপূর্ণ এ অধ্যায়কে ধরে ড. জোহাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল’। ১৯৬৯-এর এক ঝাঁক প্রত্যক্ষদর্শীর বয়ানে তুলে ধরা হয়েছে সে সময়ের ঐতিহাসিক সব তথ্য। ২০১২ সালে এই প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন সাজ্জাদ বকুল।

ড. জোহার লাশ নিয়ে যাওয়ার একটি দৃশ্য
ড. জোহার লাশ নিয়ে যাওয়ার একটি দৃশ্য

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫৫ মিনিটে দেশ টিভিতে দেখানো হয়েছে প্রামাণ্য চলচ্চিত্রটি। রাত নয়টায় বিটিভিতে থাকবে ড. জোহা এবং প্রামাণ্যচিত্র ‘দাবানল’ নিয়ে অনুষ্ঠান ‘তোমাকে যেন ভুলে না যাই’।
‘দাবানল’ এর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ বকুল; চিত্রগ্রহণ করেছেন এন এস সাহাব উদ্দীন ও রাসেল মাহমুদ; সম্পাদনা করেছেন অমিত রহমান লিংকন ও আহমেদ মাহফুজ। ধারাবর্ণনা করেছেন আরমান পারভেজ মুরাদ, আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, আবহসংগীত কমল খালিদ, প্রযোজনায় সাজ্জাদ বকুল ও দেশ টিভি। কারিগরি সহযোগিতা দিয়েছেন রাজশাহীর বরেন্দ্র প্রোডাকশনস।