ডিজাইনার তানিয়া

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তানিয়া হোসাইন। এবার নতুন আরেকটি পরিচয়ে সবার সামনে হাজির হচ্ছেন মঞ্চ ও টিভি নাটকের এই অভিনয়শিল্পী। নাটকের পোশাক ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
২৪ জানুয়ারি তানিয়া হোসাইনের ডিজাইন করা পোশাক পরে মঞ্চে উঠবেন গালিভারের সফর নাটকের শিল্পীরা। নাটকটি মঞ্চে আনছে ভিশন থিয়েটার।
তানিয়া বলেন, ‘অনেক বছর ধরেই মঞ্চে কাজ করছি। মঞ্চ ও টেলিভিশনে কাজ করার সময় যতই বাড়ছে, সঙ্গে সঙ্গে নানা বিষয়ে অভিজ্ঞতাও বাড়ছে। তারই ফলস্বরূপ পোশাক ডিজাইন করা। আমি আগে থেকেই যেহেতু টুকটাক নিজের পোশাক ডিজাইনের কাজ করতাম, তাই ভাবলাম, আরও বড় পরিসরে হলে তো মন্দ হয় না।’
গালিভারের সফর ভিশন থিয়েটারের নবম প্রযোজনা। ২৪ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এর কারিগরি মঞ্চায়ন হবে। আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম সারোয়ার।