ডিরেক্টরস গিল্ডের সম্মেলন

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ সম্মেলনের ডাক দিয়েছে। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদর এই সম্মেলন। সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক। ডিরেক্টরস গিল্ডের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডি। সংগঠনের নেতারা জানান, সম্মেলন সফল করতে ২ ডিসেম্বর সারা দেশে নাটক-টেলিছবির শুটিং বন্ধ রাখার পরিকল্পনা করেছেন তাঁরা।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে গিল্ডের সভাপতি গাজী রাকায়েত বলেন, ‘আমাদের নাটক-মিডিয়া দৈনতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে এসবের সমন্বয় করব। এর মধ্যে থাকবে সবার মধ্যে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ব্যাপার। তা ছাড়া নির্বাচনের পর সংগঠনের সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়নি। সম্মেলনে সকালের অধিবেশনে সব নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করব। সন্ধ্যায় সবার মতামত তথ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করব। সবশেষে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মোট কথা, গিল্ডের পরবর্তী কর্মপরিকল্পনা সবার কাছে উপস্থাপন করব।’
এদিকে ৩০ নভেম্বর দেশের টেলিভিশন শিল্পে ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার ও ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানাবে এ সংগঠনটি। এ লক্ষ্যে শহীদ মিনারে সমবেত হবেন ডিরেক্টরস গিল্ডসহ নাটকের বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।