ঢাকা-রূপগঞ্জের তারকা বাসযাত্রী!

তারকাদের গণপরিবহনে ওঠার বিপত্তিটা নানাবিধ। একে তো জনপ্রিয়তার কারণে ভিড় জমে যায় তাঁদের দেখলেই। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও থাকে; থাকে এমন আরও অনেক কিছুই। কিন্তু যখন বাসে ওঠাটাই তাঁদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়, তখন? সম্প্রতি এমনই এক পরিস্থিতিতে ঢাকা-রূপগঞ্জের বাসে চেপে বসেছিলেন লাক্স তারকা থেকে অভিনেত্রী বনে যাওয়া মেহজাবিন আর অভিনেতা ইমন। তারপর? ঢাকা থেকে রূপগঞ্জের পথে ছুটে চলেছে বাসটি। মাঝপথে নির্ধারিত কোনো কোনো জায়গায় যাত্রা বিরতির সময় ওঠা-নামা করছেন যাত্রীরা। এই ওঠা-নামার মাঝে বাসের মধ্যে অভিনয়শিল্পী মেহজাবিন ও ইমনকে দেখে যাত্রীদের কারও কারও চোখ কপালে! আরে এঁদেরকে তো টেলিভিশনে দেখছি। কেউ কেউ ভাবছেন— নায়ক-নায়িকারাও তাহলে বাসে চড়েন! তাও আবার লোকাল বাসে! কিন্তু তা না হয় হলোই; কিন্তু বাসে চড়ে এঁরা যাচ্ছেন কোথায়!
সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনয়শিল্পী ইমন ও মেহজাবিন একটি বাসে সহযাত্রী হয়েছিলেন রূপগঞ্জগামী অন্য বাসযাত্রীদের। কিন্তু চলার পথে যখনই ‘ক্যামেরা’ ‘অ্যাকশন’-‘কাট’ শুরু হয়ে গেল; তখনই মাথা খুলল বাসযাত্রীদের। কারওরই আর বুঝতে আর বাকি রইল না যে, শুটিংয়ের কাজে বাসযাত্রী হয়েছেন তাঁরা দুজন।
নাটকের শুটিং করতে গিয়ে এভাবে ঢাকা থেকে রূপগঞ্জের পুরো পথেই বাসযাত্রী হলেন ইমন আর মেহজাবিন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘ডানা মেলে’ নাটকে এভাবে ‘বাসযাত্রী’ হলেন তাঁরা। এ প্রসঙ্গে মেহজাবিন বললেন, ‘সত্যি সত্যি পাবলিক বাসে চড়েই শুটিং করেছি আমরা। শুটিং করতে গিয়ে খুব মজা হয়েছে। আমাদের দিকে অন্যযাত্রীদের তাকানোর ভাব ভঙ্গি দেখে মনে হয়েছে তাঁরা খুবই অবাক হয়েছেন!’
তবে প্রথমবারের মতো এ ধরনের কাজ করতে গিয়ে কষ্টের অভিজ্ঞতার কথাও আগের কথা সঙ্গে জুড়ে দিলেন মেহজাবিন, ‘আগে এভাবে কখনোই বাসে উঠিনি। আর ওই দিন খুব গরম ছিল। শুটিং করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। শুটিং শেষে টানা দুদিন ঘুমিয়েছি।’
এদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘নাটকের শুটিংয়ের জন্য লোকাল বাসের সত্যি সত্যি যাত্রী হয়েছিলাম আমরা। সেইভাবে বাসের মধ্যে কোনো সেট বা মেকি কিছু ছিল না। তবে সে বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। পথে সব জায়গায় বাস থামাননি। এ জন্য তাঁকে আমরা অতিরিক্ত কিছু অর্থও দিয়েছি।’ তিনি এও বলেন, ‘নাটকটির আশি ভাগ কাজই বাসের মধ্যে করেছি।’
‘ডানা মেলে’ নাটকে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, রাজু প্রমূখ। পরিচালক জানিয়েছেন, ‘ডানা মেলে’ নামের নাটকটি চ্যানেল আইয়ের ঈদের অনুষ্ঠানমালার তৃতীয়দিন রাতে প্রচার হওয়ার কথা আছে।