ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ

ঢাকায় আসছেন উপমহাদেশের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। পর্দা নয়, সরাসরি তাঁকে অভিনয় করতে দেখা যাবে মঞ্চে। চলচ্চিত্রে বিচিত্র সব ভূমিকায় অভিনয়ের জন্য এই উপমহাদেশে তিনি এক বিখ্যাত মুখ। ঢাকায় তিনি অভিনয় করবেন ইসমাত আপাকে নাম নাটকে।
নাসিরুদ্দিন শাহ ও তাঁর নির্দেশিত এই নাটকটি ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। এরই মধ্যে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব, সুফি উৎসব, জ্যাজ ও ব্লুজ উৎসব বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খানের ‘দেশ’-এর মতো ব্যতিক্রম সব আয়োজন উপহার দিয়েছে তারা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘দেশের মানুষকে একটু উন্নত ও ভিন্ন রুচির বিনোদন দেওয়ার চেষ্টা থাকে আমাদের। তারই প্রতিফলন এই মঞ্চনাটক।’
মূলধারা ও ধ্রুপদি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য নাসিরুদ্দিন শাহ ইতিমধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম ফেয়ারসহ আন্তর্জাতিক নানা পুরস্কার। ভূষিত হয়েছেন ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণে। ইসমাত আপাকে নাম তাঁর নির্দেশিত ও অভিনীত এক অনন্য সৃষ্টি। নাটকে খ্যাতিমান লেখক ইসমাত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ ও ‘মুঘল বাচ্চা’ গল্প তিনটির মধ্য দিয়ে তুলে ধরেছেন পুরুষনিয়ন্ত্রিত সমাজে নারী ও তাঁর অস্তিত্ব রক্ষার ভিন্ন তিন কাহিনি। শিক্ষণীয় বার্তার পাশাপাশি এতে রয়েছে ব্যঙ্গ, হাস্যরস ও বুদ্ধিমত্তার ছটা।
সিটি ব্যাংক নিবেদিত এই নাটকটি দেখা যাবে আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে। এতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ। টিকিট মিলবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়।