ঢাকার রবিন হুড

দুর্ধর্ষ ডাকাত দল সামসু গ্রুপ ‘বড়লোকের’ ত্রাস! ধনাঢ্য ব্যক্তিদের অর্থ কেড়ে নিয়ে তাঁরা খরচ করে গরিবের জন্য। এমন ভয়ানক দলের প্রধান সামসু নাজেহাল হয় তাঁর স্ত্রীর কাছে। বউয়ের বউগিরির কাছে রীতিমতো ভেজা বেড়াল হয়ে থাকতে হয় ঢাকার রবিন হুড সামসুকে।
ঈদুল আজহায় টেলিভিশন দর্শকদের জন্য ‘বউগিরি’ নামের পাঁচ পর্বের এই কমেডি নাটকটি বানাচ্ছেন তুহিন হোসেন। ঢাকার কালিয়াকৈর, পুবাইলসহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে পরিচালক জানালেন, কাজ শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে। নাটকের গল্প সম্পর্কে তুহিন হোসেন বললেন, ‘রবিন হুডের কাহিনি তো সবারই জানা। ঢাকায় ওই রকম একজন থাকলে কেমন হতো সেটাই আমরা নাটকে দেখাতে চেষ্টা করেছি। মজাটা হচ্ছে, এই ডাকাত তাঁর স্ত্রীর জন্য নিজে হাতে মুড়ি মাখায়, রান্না করে খাওয়ায়। সন্ত্রাসীদের কর্মকাণ্ডগুলো নাটকে ব্যঙ্গাত্মক আঙ্গিকে তুলে ধরা হয়েছে।’
‘বউগিরি’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন গল্পওয়ালা। অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা, রোবেনা রেজা, প্রাণ রায়, জোভান, আ খ ম হাসান, জুলফিকার চঞ্চল, সুজাত শিমুল প্রমুখ। ঈদের প্রথম দিন থেকে পঞ্চম দিন পাঁচ পর্বের ধারাবাহিক এ নাটকটি দেখানো হবে বৈশাখী টিভিতে।