‘তখন মনে হতো বেণি দোলানো ছোট্ট এক কিশোরী আমার মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হারালেন অভিনেতা ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত

মা হারালেন অভিনেতা ফারুক আহমেদ। গতকাল শুক্রবার বেলা ১১টায় তাঁর মা রাজিয়া খানম শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গতকাল বাদ মাগরিব মিরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তথ্যগুলো জানালেন ফারুক আহমেদ নিজেই।

ফারুক আহমেদ। ছবি সংগৃহীত।

অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, কিডনিতে জটিলতা ছিল। কাউকে চিনতে পারতেন না। দীর্ঘদিন ধরেই নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল শরীর আরও বেশি খারাপ হয়। আমি শুটিং থেকে খবর পেয়েছি, মা অসুস্থ। পরে গিয়ে দেখি, মা আর নেই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

মাকে হারিয়ে স্মৃতিকাতর এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘যুদ্ধের বছর। আমরা পাকিস্তানি সেনাদের ভয়ে ঢাকা থেকে পালিয়ে গ্রামে এসেছি। মা তখন ভীষণ অসুস্থ। গ্রামে ভালো ডাক্তার নেই। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় মা এক মাস পর সুস্থ হলেন। বাবা সরকারি স্কুলের শিক্ষক। রেডিও পাকিস্তান থেকে নির্দেশ জারি হলো, সরকারি কর্মকর্তাদের কাজে যোগ দিতে হবে। যাঁরা নির্দেশ অমান্য করবেন, তাঁদের চাকরি চলে যাবে এবং তাঁদের দেশদ্রোহী বলে ঘোষণা করা হবে। এই নির্দেশের পর বাবা তাঁর চাকরি বাঁচাতে আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে গেলেন। আমি আমার মা আর ছোট দুই ভাই–বোনকে নিয়ে গ্রামে থেকে গেলাম।’

তিনি আরও লিখেছেন, ‘তখনো পাকিস্তানি বাহিনী আমাদের এলাকায় আসা শুরু করেনি। আমাদের বাড়িতে ছিল প্রচুর আমগাছ। বৈশাখের শেষে আম পাকা শুরু হলো। মা প্রতি ভোরে আমাকে ঘুম থেকে ডেকে তুলতেন।

মেয়ের সঙ্গে মায়ের ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ফারুক আহমেদ
ছবি: সংগৃহীত

বলতেন, “চল যাই দেখি আম পেকেছে কি না!” আমি মায়ের সঙ্গে আম পাড়তে আমগাছতলায় যেতাম। আমি গাছে উঠতাম, মা নিচ থেকে পাকা আম দেখিয়ে দিতেন। আমি আম পেড়ে নিচে ফেলতাম। মা কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে আম রাখতেন। তাঁর সেকি আনন্দ। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতাম। মাকে তখন মনে হতো বেণি দোলানো ছোট্ট এক কিশোরী। গতকাল মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন। এই জনমে মাকে আর কোনো দিন দেখব না। মা আর কোনো দিন বলবেন না, “বাবা আমার হাতটা একটু ধর।” মা চলে গেলেন। চিরদিনের জন্য চলে গেলেন। আমার মা মরেননি। চলে গেছেন। মায়েরা মরে না। মায়েরা চলে যান।’