তাঁদের মৎস্য শিকার!

গত রোববারের ঘটনা। পুবাইলের ভাদুন এলাকায় শুটিং করছিলেন সালাহউদ্দিন লাভলু। কিন্তু হুট করেই শুটিংয়ের ক্যামেরা বন্ধ। জেনারেটর নষ্ট! সারাতে সময় লাগবে। তাই বলে তো আর বসে থাকা যায় না। শুটিংবাড়ির পাশেই পুকুর আর বিল। এতক্ষণে নিশ্চয়ই বুদ্ধিমান পাঠক বুঝে গেছেন, এবার ঘটনা কোন দিকে গড়াবে। ঠিক ধরেছেন, সালাহউদ্দিন লাভলু, প্রাণ রায়, জামিলসহ আরও দু-তিনজন মিলে বসে গেলেন পুকুরপাড়ে। হাতে ছিপ। ঘণ্টা তিনেক বসে রইলেন পাঁচজন। বসে থাকার ফলাফল উঠে এল ছিপ ধরে। পাঁচজন মিলে মারলেন দুটি রুই মাছ।
‘ব্যাপারটা দারুণ উপভোগ করেছি আমরা সবাই! মাছ পাওয়াতে আরও ভালো লেগেছে।’ মুঠোফোনে পুরো ব্যাপারটা উচ্ছ্বাসের সঙ্গে বলছিলেন অভিনেতা প্রাণ।
সালাহউদ্দিন লাভলু অবশ্য বললেন এভাবে, ‘আমাদের শুটিংবাড়ির আশপাশে বিল ও পুকুর রয়েছে। তাই শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই হুইল নিয়ে বসে পড়ি। রোববার দুপুরেও সে রকম করে বসেছিলাম। অবশ্য বড় দুটি রুই মাছ পাওয়ায় আনন্দটা অন্য রকম। আগে তেলাপিয়াসহ অন্যান্য মাছ পেলেও সেদিনই রুই মাছ পেয়েছি।’ যোগ করেন লাভলু।
আর মাছ খাওয়ার গল্পটা বলেন বেশ রসিয়ে। ‘মাছ এনে তাড়াতাড়ি কুটে-বেছে ভাজি করে শুটিং ইউনিটের সবাই মিলে খেয়েছি। তাজা মাছের স্বাদই অন্য রকম।’ বলেন লাভলু।
পুবাইলের ভাদুন এলাকায় দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার ধারাবাহিকের শুটিং করছেন পরিচালক সালাহউদ্দিন লাভলু। আগামী মাস থেকে একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।