তাঁরা এবার নাচে...

তাঁদের নাচটাই বাদ ছিল। এবার তা-ও করলেন। বলছি মডেল, অভিনেত্রী, উপস্থাপক ফারহানা নিশো, মুনমুন, সামিয়া আফরিন, মারিয়া নূর ও ঈশিকা খানের কথা, যাঁদের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনাতেই দেখা যায় বেশি। ছোট পর্দার এই পাঁচ কন্যাকে এবার টিভি পর্দায় নাচতে দেখা যাবে। ‘ছন্দে ছন্দে গানে গানে’ নামে অনুষ্ঠানের জন্য নাচে অংশ নিলেন তাঁরা। অনুষ্ঠানটি ঈদে এনটিভিতে প্রচার করা হবে। নাচের এই অনুষ্ঠানটি কোরিওগ্রাফ করছেন কবিরুল ইসলাম রতন। অনেক দিন পর আবার নাচের সুযোগ পাওয়ায় বেশ আনন্দে আছেন ফারহানা নিশো। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই রতন ভাইয়ের কাছে নাচ শিখেছি। মাঝে ৮-১০ বছর নাচের অনুষ্ঠান করা হয়নি। এবার রতন ভাইয়ের হাত ধরেই আবার নাচের সুযোগ পাচ্ছি।’
নাচ নিয়ে নিশোর আনন্দ যতটা, মারিয়া ঠিক ততটাই শঙ্কিত। তিনি বলেন, ‘আগে কখনো নাচ করা হয়নি। অভিজ্ঞতাও কম। ভয় পাচ্ছি। তবে বেশ কয়েক দিন ধরে মহড়ার পর কাজটি করছি।’
অন্যদিকে ঈশিকা খান বলেন, ‘স্কুলজীবন থেকেই নাচ করি। মঞ্চে অনেকবার নাচের অভিজ্ঞতা আছে। তবে কোনো টিভি অনুষ্ঠানে কেউ আমাকে এখনো নাচতে দেখেনি। এবার দেখবে।’ নাচ আর নাচের মহড়া নিয়ে ব্যস্ত অন্য দুই উপস্থাপক মুনমুন ও সামিয়াও। অনুষ্ঠানটির প্রযোজক মো. নুরুজ্জামান জানান, বাংলা ও ভারতীয় পাঁচটি আধুনিক গানের সঙ্গে নাচবেন এই পাঁচ উপস্থাপক।