তাঁরা চিত্রকুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ হাসান উজ্জ্বল, সুমন আনোয়ার, মম, মোশাররফ করিম, আবু হায়াত মাহমুদ
মাসুদ হাসান উজ্জ্বল, সুমন আনোয়ার, মম, মোশাররফ করিম, আবু হায়াত মাহমুদ

২০০৯ সাল থেকে কাহিনিচিত্র বাঁচিয়ে রাখার আন্দোলনে নেমেছে চারুনীড়ম। প্রতিবছর এই সংগঠন আয়োজন করে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। এ বছরও ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই উৎসবের শেষ দিন ঘোষণা করা হয় ‘চিত্রকুসুম পুরস্কার’। কাহিনিচিত্র নির্মাণ ও এতে অভিনয়ের জন্য পাঁচটি বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও শিল্পীদের সঙ্গে এই উৎসব ও নাট্য-আন্দোলন নিয়ে কথা হলো।
এক ঘণ্টার কাহিনিচিত্র ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী জিতেছে ২০১৫ সালের শ্রেষ্ঠ কাহিনিচিত্রের চিত্রকুসুম। ধারাবাহিকের ভিড়ে এখনো দিব্যি এক ঘণ্টার নাটক নির্মাণে নিজেকে ব্যস্ত রেখেছেন এই নাটকের নির্মাতা সুমন আনোয়ার। তিনি জানান, কাহিনিচিত্র উৎসব ও চিত্রকুসুম পুরস্কারের মতো উদ্যোগ একটা সময় অনেক ফলপ্রসূ হবে নির্মাতাদের জন্য। এর ফলে ভবিষ্যতে কাহিনিচিত্র নির্মাতারা চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হলে নিঃসন্দেহে ভালো করবেন।
সুমন আনোয়ারের সঙ্গে অনেকটাই একমত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের চিত্রকুসুম, অক্ষয় কোম্পানির জুতো নাটকের জন্য। উজ্জ্বল আরেকটি বিষয় যোগ করে বললেন, ‘পুরস্কারটি পেয়ে আমি আনন্দিত। কিন্তু এত সুন্দর একটি উৎসব যেভাবে আয়োজনের প্রত্যাশা আমরা করি, পৃষ্ঠপোষকের অভাবে সেভাবে তা অনুষ্ঠিত হয় না।
কিন্তু আপনি দেখুন, এমন অনেক অনুষ্ঠান প্রায়ই হচ্ছে, যার মান নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু সেসবে পৃষ্ঠপোষকের অভাব হচ্ছে না।’
উজ্জ্বলের এই কাহিনিচিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মম। তিনি বলেন, ‘কাহিনিচিত্র বাঁচিয়ে রাখার এই আন্দোলনে এভাবে যুক্ত হতে পেরে আমি দারুণ গর্বিত। এ উৎসব আমাদের শিল্পীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
শ্রেষ্ঠ অভিনেতার চিত্রকুসুম এ বছর জিতেছেন মোশাররফ করিম। তাঁর নাটকটির নাম অভিনেতা। তিনি জানান, ধারাবাহিকের চাপেও তিনি এক ঘণ্টার নাটকে কাজ করার সুযোগ হাতছাড়া করেন না। তিনি বলেন, ‘আশা করছি, কাহিনিচিত্র উৎসব ও চিত্রকুসুমের মতো আয়োজনগুলো আবারও চ্যানেলে কাহিনিচিত্রের আবেদন বাড়াবে।’
এই নাটকের জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আবু হায়াত মাহমুদ। তিনি জানান, এ অর্জন কাহিনিচিত্র নিয়ে কাজ করে যাওয়ার সাহস জোগাল তাঁকে।