তাঁরা টিভি অনুষ্ঠানে নাটক করবেন

টিভি অনুষ্ঠানে প্রশ্নোত্তর হবে, আড্ডা হবে, নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা জানাবেন অতিথিরা। কোনো অভিনয় নয়, অতিথিরা যা বলবেন, সেই কথাগুলো হবে নিখাদ সত্য। শুধু অভিনয় করবেন অনুষ্ঠানের সঞ্চালকেরা। প্রাণ রায় ও স্বাগতা দুজন দুটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন। ভিন্নধারার এই অনুষ্ঠানের নাম ‘১৩ নং বোর্ডিং’। আজ থেকে এর প্রচার শুরু হচ্ছে এনটিভিতে।
‘লাফটার শো’ ট্যাগ লাইন নিয়ে এই অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকবেন একজন তারকা অতিথি। তাঁর সঙ্গে সঙ্গে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সঞ্চালকেরা হাসিঠাট্টা করবেন। সেটে নানা নাটকীয় কাহিনির অবতারণা হবে।
১৩ নং বোর্ডিং অনুষ্ঠানের সেট একটি রেস্টহাউসের অভ্যর্থনা কক্ষের আদলে বানানো। এই ১৩ নং বোর্ডিংয়ের ম্যানেজার প্রাণ রায় এবং স্বাগতা অভ্যর্থনাকারীর চরিত্রে অভিনয় করবেন, এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনাও করে যাবেন। তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী হিসেবে থাকবেন শামীম। আজ অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি হয়েছেন পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু।
অনুষ্ঠানটির প্রযোজক হাসান ইউসুফ খান জানান, প্রতি সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। আগামী পর্বে অতিথি হিসেবে হাজির হবেন জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী বাঁধন।