তাঁরা যখন প্রেমিক-প্রেমিকা

আবার জুটি হয়ে অভিনয় করলেন অভিনেতা তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা। স্বামী-স্ত্রী বা মা-বাবার জুটি নয়, পর্দায় তাঁরা হাজির হবেন প্রেমিক-প্রেমিকা হিসেবেই। গল্পটি এগিয়েছে অনেক দিন পরে প্রবাসী প্রেমিকের দেশে থাকা পুরোনো প্রেমিকার সঙ্গে দেখা করা নিয়ে। নাটকে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। কদিন আগে ঢাকার উত্তরখানে নির্মিত হলো নাটকটি। নাম অলীক অন্ধকার। রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এই নাটকেই অভিনয় করেছেন তারিক ও সুবর্ণা জুটি।
নাটকটি সম্পর্কে তারিক আনাম খান বলেন, ‘অনেক দিন পর সুবর্ণার সঙ্গে একটা ভালো কাজ হলো। গত ঈদুল আজহায় ওর সঙ্গে একটা কাজ হয়েছিল। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে কাজ করেছিলাম। কিন্তু প্রেমিক-প্রেমিকা হয়ে অনেক দিন পরে একটা কাজ করলাম। ভালো লেগেছে।’
অঞ্জন আইচ জানান, এই নাটকে আরও অভিনয় করেছেন নাঈম ও রিমি। এটি ঈদে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।