তানজিকার প্রশ্নে ভ্যাবাচেকা মিশু

‘কেমন লাগল?’ প্রশ্নটা করলেন তানজিকা আমিন। তাঁর ঠিক একটি ডেস্ক পরই বসেছেন অভিনেতা মিশু সাব্বির। প্রশ্নটা যে তাঁর উদ্দেশে করা, সেটা বুঝতে খানিকটা সময় লাগল।
মিশুর সামনে চা ও চিরকুট। কিসের কথা বলছেন তানজিকা? ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকেন মিশু। তানজিকা বললেন, ‘মেইলে একটা ডিজাইন পাঠিয়েছি, ওটার ব্যাপারে জানতে চাইলাম।’ মিশু সাব্বির যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। তিনি ভেবেছিলেন, সহকর্মী তানজিকা কি-না-কি ইঙ্গিত করেছেন।
মনিটরের পেছনে থাকা পরিচালক তুহিন হোসেন বলে উঠলেন, ‘কাট’! গত বৃহস্পতিবার কারওয়ান বাজারের একটি ভবনের দশম তলায় চলছিল প্রেম অথবা অপ্রেমের গল্প নাটকের শুটিং।
একটি বায়িং হাউসের দুই সহকর্মীর মধ্যে প্রণয় হওয়া না-হওয়া নিয়ে এই গল্প। এমনটাই জানালেন পরিচালক। পরিচালকের সঙ্গে তানজিকা আমিন ও মিশু সাব্বিরের এটাই প্রথম কাজ। বেশ কয়েকবার নিজেদের মধ্যে রসিকতাও করলেন। টম ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, নিকুল কুমার, সুমাইয়া প্রমুখ।
এবার পরের দৃশ্যের প্রস্তুতি। প্রতিষ্ঠানের বসের রুমে হবে দৃশ্য ধারণ। লাইট, ক্যামেরা প্রস্তুত হলো। ফিরে আসার আগে আগে পরিচালক জানালেন, সোমবার (আগামীকাল) আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।