তানজিন তিশার 'সহশিল্পী' জার্মান স্পিট্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘১২৬/১২৬’ নাটকের শিল্পী ও কলাকুশলীরা
‘১২৬/১২৬’ নাটকের শিল্পী ও কলাকুশলীরা

সম্প্রতি একটি নতুন নাটকে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। ‘১২৬/১২৬’ নামের এই খণ্ড নাটকটির মূল গল্প ভুল মোবাইল নম্বর নিয়ে বিড়ম্বনার। এ নাটকে তিশার সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘ক্রিফ’ নামের জার্মান স্পিট্স জাতের একটি কুকুরকেও।

তিশা জানিয়েছেন, ক্রিফকে সামলাতে তাঁকে অনেক ঝামেলাও পোহাতে হয়েছে। অবশ্য কুকুরটির সঙ্গ তিনি উপভোগও করেছেন।

‘১২৬ / ১২৬’ নাটকে তিশার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নাঈম। তবে নাঈম এখানে এক দুষ্টু প্রেমিক। প্রেমিকাকে ফাঁকি দিয়ে অন্য মেয়েদের ফোন নম্বর সংগ্রহ আর তাঁদের পটানোই তাঁর কাজ। এভাবেই একটি ফোন নম্বর সংগ্রহ করতে গিয়ে ঘটে যায় এক মহাবিপত্তি। ভুল করে ঘনিষ্ঠ বন্ধুর প্রেমিকার নম্বর নিয়ে তাঁকে পটাতে শুরু করেন তিনি।

ক্রিফ ও তানজিন তিশা
ক্রিফ ও তানজিন তিশা



কথা প্রসঙ্গে নাঈম জানিয়েছেন, তাঁর জীবনেও এমন একটি ঘটনা ঘটেছিল। পরে জেনেছিলেন, ভুল নম্বরের কথা বলে ইচ্ছেকৃতভাবেই ওই নারী এমনটি করেছিলেন। তিনি বলেন, ‘অচেনা নম্বরে এভাবে কথা বলা বিপজ্জনক।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আফজাল খান, সানজিদা তনময়সহ অনেকে। ‘১২৬ / ১২৬’ নাটকটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন জসীম মন। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ। সম্পাদনা শেষ হলেই একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির প্রচারিত হবে ‘১২৬ / ১২৬’ নাটকটি।