তার আলোচনা শুনে বন্ধুরা পালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গঠনমূলক প্রেমিক’ নাটকের একটি দৃশ্য

আনুশ লিয়াকে ভালোবাসে। কিন্তু লিয়ার কর্তৃত্ববাদী আচরণে তার হাঁসফাঁস লাগছিল। তাই সে লিয়াকে বিয়ে করতে চাচ্ছিল না। বিয়েটা তার কাছে আনন্দের চেয়ে বেশি দায়িত্ববোধ বা গলার ফাঁস মনে হচ্ছিল। এখন সে কী করবে? কীভাবে লিয়াকে বোঝাবে, সংসারে কর্তৃত্ববাদ না করে একে অপরকে বোঝা খুব জরুরি। তাহলেই একটা সম্পর্ক আনন্দময় হয়ে ওঠে। আনুশ কি পারবে তার গঠনমূলক প্রেমিকের সম্মান বজায় রাখতে? অন্যদিকে তাদের সম্পর্কের মধ্যে ডালিয়ার তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়া! তা কতটা ক্ষতিকর? আজকালকার তরুণ সমাজের এ ইস্যুকে কেন্দ্র করেই রোমান্টিক কমেডি গল্প ‘গঠনমূলক প্রেমিক’।
বাংলা নববর্ষ উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে বৈশাখের বিশেষ নাটক, ‘গঠনমূলক প্রেমিক’। শফিকুর রহমানের রচনা ও জাকিউল ইসলামের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন আরশ খান, মাখরুন মাহিমা প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবে কাল বৃহস্পতিবার রাত ৮টায়।

‘গঠনমূলক প্রেমিক’ নাটকের একটি দৃশ্য

নাটকের গল্পে দেখা যায় আনুশ মহল্লার বন্ধু ও ছোট ভাইদের সব সময় গঠনমূলক কাজ করার জন্য পরামর্শ দেয়। চায়ের আড্ডায় আনুশের কথায় কথায় এ গঠনমূলক আলোচনা শুনে বন্ধুরা পালায়। লিয়ার সঙ্গে আনুশের তিন বছরের প্রেম। একসময় দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান হয়। বাগদানের পর থেকেই লিয়ার মধ্যে একটা কর্তৃত্ববাদী আচরণ আনুশকে বেকায়দায় ফেলে দেয়। লিয়া নানাভাবে আনুশকে সমস্যায় ফেলে। বিভিন্নভাবে তাকে বিরক্ত করতে থাকে। আনুশ যে বিরক্ত হচ্ছে, এটা বোঝালেও আবার বিপদ। লিয়ার এসব কর্মকাণ্ডের পেছনে কলকাঠি নাড়ে তার খালা ডালিয়া বেগম। এ যেন চিরায়ত পারিবারিক কূটনামি। সে লিয়াকে এমন আচরণ করতে বলে। এসবের পরে একটা সময় আনুশে উপলব্ধি করে যে, লিয়া তার জন্য পারফেক্ট না। সে লিয়াকে বিয়ে করতে চায় না। কিন্তু এটা সে কীভাবে বলবে? এমনভাবে বলতে চায়, যাতে সাপ মরে, আবার লাঠিও না ভাঙে।

‘গঠনমূলক প্রেমিক’ নাটকের একটি দৃশ্য

শুরু হয় নানা মজার কাণ্ডকারখানা। দেখা যায়, আনুশ লিয়াকে যত প্যারার ওপর রাখছে, লিয়া ততই আনুশের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আনুশ তখন তার বন্ধুকে বলে, লিয়াকে সে যত ঝেড়ে ফেলতে চাইছে, ফল পাচ্ছে তার উল্টো। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এটা আড়াল থেকে শুনে ফেলে লিয়া। সে বুঝতে পারে, আনুশ তাকে বিয়ে করতে চায় না। এতে তার মন ভেঙে যায়। তারপরে কী ঘটল, তা জানা কাল।