তারকাদের উপস্থিতি কমছে

মোশাররফ করিম, মেহ্‌জাবিন, অপূর্ব, সাফা কবির, তিশা, আফরান নিশো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ঈদের নাটক ঘিরেই তারকাদের ব্যস্ততা ছিল। ঈদের দুই মাস আগেই শিডিউল বুকিং হয়ে যেত। এরপর চলত টানা শুটিং। দুই বছর ধরে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। কারণ, তারকারা ঈদের নাটকের পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমাসহ ভিন্ন মাধ্যমে ব্যস্ততা বাড়াচ্ছেন। প্রযোজক, পরিচালক ও চ্যানেল সূত্রে জানা যায়, আগামী ঈদে দর্শকদের কাঙ্ক্ষিত তারকাদের ঈদের নাটকের সংখ্যা অনেক কম থাকবে। এই তারকাদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাহসান খান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
ঈদে একসময় ৩০টির বেশি নাটক নিয়ে ব্যস্ত থাকতেন মোশাররফ করিম। দীর্ঘ ক্যারিয়ারে টানা প্রায় ১০ বছর এই অভিনেতার সর্বাধিক নাটক ঈদে প্রচারিত হয়েছে।

দর্শকের চাহিদা থাকলেও এখন ভিন্ন পথে হাঁটছেন মোশাররফ। তিনি এখন ব্যস্ততা বাড়াচ্ছেন ওটিটি ও সিনেমার কাজে। সম্প্রতি তিনি আশরাফুজ্জামানের একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। আগামী সপ্তাহে যাচ্ছেন সিনেমার শুটিংয়ে ভারতে। ব্রাত্য বসুর পরের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। মহানগরখ্যাত অভিনেতা বলেন, ‘এখন কাজের ধরন বদলে গেছে। যেখানে কাজের ভালো সুযোগ-সুবিধা, সেখানেই কাজ করছি। ঈদের নাটকের আলাদা একটি যত্ন থাকে। তবে সব কাজই করতে চাই। ভালো কাজের কোনো ভাগ করতে চাই না।’

চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঈদের কাজকে আলাদা গুরুত্ব দিতেন চঞ্চল চৌধুরী। গল্প পছন্দ না হলে কাজ করতেন না। বরাবর তাঁর নাটকগুলো দর্শকপ্রিয় হতো। কিন্তু করোনা শুরুর পর থেকেই ওটিটি প্ল্যাটফর্মে অন্যতম ব্যস্ত তারকা হয়ে উঠছেন তিনি। তকদির, বলি, মুন্সিগিরি দিয়ে আলোচনায় এসেছেন। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘গত মাসের শেষ থেকে শুরু করেছি সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় কারাগার। এই মাস পুরোটাই ওয়েবের কাজটি নিয়েই ব্যস্ত থাকব। ঈদে খুব বেশি সময় পাব না। হয়তো অল্প কিছু কাজ করব।’

দর্শকদের আলাদা আকর্ষণ থাকে তাহসানের ঈদের নাটক নিয়ে। এমনিতে প্রতি ঈদে বেছে বেছে নাটকে কাজ করেন। এবার তাহসানের প্রধান ব্যস্ততা আন্তর্জাতিক সিনেমা আ ব্লেসড ম্যান নিয়ে হলেও শিগগিরই ঈদের নাটকের শুটিং করবেন। এ অভিনেতা বলেন, ‘এখনো শুটিং শুরু করিনি। গল্পগুলো দেখছি। আরও ১৫ দিন পর চূড়ান্ত তালিকাটা হয়তো বলতে পারব।’

মেহজাবীন চৌধুরী

সম্প্রতি চরকির রেডরাম দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চরকির এই ওয়েব ফিল্মটির জন্য দীর্ঘদিন কোনো নাটকের শুটিং করেননি তিনি। প্রতিবছর এই সময়ে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। এই অভিনেত্রী বলেন, ‘এই মাস থেকেই ঈদের নাটকের শুটিং শুরু করব। এখন গল্প বাছাই করছি। কতটি নাটকে অভিনয় করব জানি না। বেছে, তবে সব রকম ভালো গল্পেই কাজ করব। কিন্তু গড়পড়তা কোনো কাজ করব না।’ আফরান নিশোর মার্চ মাসজুড়েই ওটিটি প্ল্যাটফর্মের কাজ করবেন। গতকাল থেকে শুরু হয়েছে তাঁর ওয়েবের জন্য কাইজার–এর শুটিং। পরে ঈদের কিছু নাটকের শুটিং করবেন। তাঁর এমন ব্যস্ততাই বলে দিচ্ছে হাতে গোনা ঈদের কাজে দেখা যাবে তাঁকে।। এদিকে অপূর্ব বললেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে এখনো শুটিং শুরু করিনি। নাটক ও কয়েকটি ওটিটির কাজ নিয়ে কথা হচ্ছে, চূড়ান্ত করিনি।’

অন্যদিকে ঈদের কাজগুলো নিয়েই এখন পূর্ণ মনোযোগী রয়েছেন তৌসিফ মাহবুব, জোভান, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, তানজিন তিশা, সাফা কবির, তাসনিয়া ফারিণ, তাসনোভা তিশা, মুশফিক আর ফারহান, শামীম হাসান সরকার, তামিম মৃধা, কেয়া পায়েল, সামিরা খান প্রমুখ। তৌসিফ বলেন, ‘এখন ঈদের নাটক ছাড়া অন্য কোনো কাজ করছি না। এবার ভিউ নয়, ভালো কাজের সঙ্গে থাকতে চাই। দর্শকদের মনে রাখার মতোই ১৬টির মতো কাজগুলোই করব।’

ঈদের একটি নাটকে অপূর্ব ও নাদিয়া নদী

নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, ‘এক যুগ ধরে কাজ করে এখন শিডিউলের পেছনে ঘুরছি। মোশাররফ ভাই, নিশো, অপূর্ব, মেহজাবীন সবাই আশা দিয়ে রাখছেন শিডিউল দেবেন। আমার পরিচিত আরও ৩০ জন ডিরেক্টর যাঁরা সবাই বললেন, আমার মতো তাঁরাও এসব তারকার শিডিউলের আশায় আছেন।’
চাহিদা বেশি, এমন তারকারা ঈদের নাটকে আগের মতো সময় দিতে পারছেন না—এটা জেনে বিকল্প চিন্তা করছেন প্রথম সারির চ্যানেলগুলো। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘আগে যেসব তারকা ২০–৩০টি নাটকের শুটিং করতেন, তাঁরা হয়তো এবার ১০টি নাটকের শুটিং করবেন। তাঁদের নাটক দিয়েই আমরা অনুষ্ঠান সাজানোর চেষ্টা করব। আর এর বিকল্প নতুন অনেক অভিনয়শিল্পীকে নিয়েও আমরা পরিকল্পনা করছি।’