তারকাবহুল 'আনন্দ মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনন্দ মেলা’য় শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও নৃত্যাঞ্চলের শিল্পীদের পরিবেশনা
‘আনন্দ মেলা’য় শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও নৃত্যাঞ্চলের শিল্পীদের পরিবেশনা

বেশ জাঁকজমক ও তারকাবহুল আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবার বিটিভির ঈদের ‘আনন্দ মেলা’। আনন্দ মেলা দর্শক–মন জয় করতে পারছে না বলে কয়েক বছর ধরে সমালোচনা রয়েছে। তাই এবার আনন্দ মেলাকে বর্ণিলভাবে উপস্থাপন করার পরিকল্পনা করেছে বিটিভি।
আইয়ুব বাচ্চুর সুরে, এম এস রানার কথায় এবারের আনন্দ মেলার শিরোনাম সংগীতটি বাচ্চুর সঙ্গে গেয়েছেন বালাম, কনা ও কোনাল।
একসময় যাঁরা আনন্দ মেলায় উপস্থাপনা করেছেন, তাঁদের অনেককেই এবার দেখা যাবে। এর মধ্যে রয়েছেন আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক, জুয়েল আইচ, সানজিদা আক্তার।
অভিনয়শিল্পী ফেরদৌস ও জয়াকে এবারের আনন্দ মেলায় তাঁদের অভিনীত চলচ্চিত্রের ‘ও প্রিয়’ এবং ‘এক কাপ চা’ গান দুটির সঙ্গে নাচতে দেখা যাবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন কলকাতার সংগীতশিল্পী নচিকেতা। উপস্থাপক আবেদ খানের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি উপস্থিত দর্শকদের অনুরোধে নিজের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।
মাথায় হ্যাট, পায়ে বুট, হাতে গিটার নিয়ে আমেরিকান কাউবয় স্টাইলে দেখা যাবে শিল্পী কুমার বিশ্বজিৎকে। তাঁর সঙ্গে যাঁরা নিয়মিত মঞ্চে বাজান, তাঁদের নিয়ে গেয়েছেন আসিফ ইকবালের লেখা, লাকী আখান্দের সুরে ‘বলো না তুমি ছাড়া কে আছে আমার’ গানটি।
থাকছে বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের পরিবেশনা। তাঁরা গাইছেন হাসন রাজার গান ‘আগুন লাগাইয়া দিল’। ব্যান্ড জলের গান গেয়েছে ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’ গানটি।
এ ছাড়া রয়েছে দুটি নাচ। আরও থাকবে বেশ কটি গানের মিশেলে শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চলের একটি পরিবেশনা। অন্যটি সোহেল রহমান, শখ, সোহাগ ও মেহজাবীনের ‘বৃষ্টি’ নিয়ে নাচ। রয়েছে কিছু কৌতুক পর্ব। অংশগ্রহণ করেছেন ফজলুর রহমান বাবু, কিসলু, অপুসহ আরও অনেকে। আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত নয়টায়। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।