তারিক আনামের চরিত্রে ছেলে, সুবর্ণার চরিত্রে মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিয়ার মাঝে লুকিয়ে ছিলে নাটকের দৃশ্যে আরিক ও মম
হিয়ার মাঝে লুকিয়ে ছিলে নাটকের দৃশ্যে আরিক ও মম

কোনটি বড় ঘটনা—বাবা তারিক আনাম খান ও ছেলে আরিক অভিনয় করেছেন একই চরিত্রের দুটি ভিন্ন বয়সে? নাকি এ সময়ের অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন তরুণ বয়সের সুবর্ণা মুস্তাফার চরিত্রে? দুটি ঘটনাই ঘটেছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় হিয়ার মাঝে লুকিয়ে ছিলে নাটকে। গতকাল রোববার শেষ হলো এই নাটকের শুটিং। রবীন্দ্রনাথের ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ গানটি অবলম্বনে নাটকের চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার।

তারিক আনাম খান
তারিক আনাম খান

এই নাটকে বাবা তারিক আনাম খানের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করতে পেরে ছেলে আরিক দারুণ রোমাঞ্চিত। বললেন, ‘কাজটা একদিক থেকে আনন্দের, আরেক দিক থেকে চ্যালেঞ্জিং। কারণ, বাবার অভিনয়ের মান ধরে রেখে তাঁর তরুণ বয়সে অভিনয় করা সত্যি কঠিন। বাবার তরুণ বয়স মানে আশির দশকের ঘটনা। ওই সময়টা ধরাও একটা বড় চ্যালেঞ্জ; তবে চেষ্টার কোনো কমতি রাখিনি।’
তারিক আনাম ছেলের অভিনয় নিয়ে বেশ খুশি। বললেন, ‘পরিচালক নিশ্চয় আমার আর আরিকের মধ্যে কোনো একটা মিল খুঁজে পেয়েছেন। এ কারণেই আমাদের বাবা-ছেলেকে নিয়ে এই পরিকল্পনা করেছেন। আরিক ভালো করবে, এটা আমার বিশ্বাস। এতে অভিনয়ের আগে আমরা বাবা-ছেলে কাজটি নিয়ে আলোচনা করেছি। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন।’

সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা

এদিকে সুবর্ণা মুস্তাফার তরুণ বয়সী চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে মম বলেন, ‘তিনি (সুবর্ণা মুস্তাফা) আমার আদর্শ। একই নাটকে তাঁর সঙ্গে তাঁরই তরুণ রূপ হয়ে অভিনয় করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। অনেক কাজই তো করি, তবে এই কাজটি নিয়ে আমার আগ্রহ ও উচ্ছ্বাসের মাত্রা একটু বেশি।’
পরিচালক জানালেন, তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা জুটির ফ্ল্যাশব্যাকে (অতীত দিনের স্মৃতিতে) তরুণ বয়সী হিসেবে পর্দায় হাজির হবেন আরিক ও মম।
নাটকটি প্রচারিত হবে ঈদুল আজহায় গাজী টিভি আয়োজিত ‘রোমান্টিক ফেস্টে’।