তারিক আনামের প্রেমে মৌসুমী হামিদ!

শত বছর পূর্ণ হচ্ছে অভিনেতা তারিক আনাম খানের! তাঁকে দেখতে এসেছেন তাঁর ৮০ বছর বয়সী প্রেমিকা মৌসুমী হামিদ! একবার ভাবুন তো, এই বয়সী দুজনকে পর্দায় কেমন লাগবে?
ভাবতে কষ্ট হচ্ছে? সাজসজ্জার কারসাজিতে বুড়িয়ে যাওয়া এই দুই শিল্পী কিন্তু দিব্যি ক্যামেরার সামনে নিজেদের মানিয়ে নিয়েছেন। ঈদের জন্য হায়ারোগ্লিফিকস নামের একটি নাটক নির্মাণ করলেন আবু হায়াত মাহমুদ। এই নাটকটির জন্য বুড়োসাজে তারিক আনাম ও মৌসুমীর জুটি বেঁধে কাজ করা। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। তিন দিন ধরে এর শুটিং চলল গাজীপুরের পূবাইলে।
শুটিং সেট থেকে মৌসুমী হামিদ বললেন, ‘একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। তা-ও আবার তারিক আনাম খানের প্রেমিকার চরিত্রে! সত্যিকার অর্থে এটা আমার জন্য রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।’
এমন বৃদ্ধার সাজে সাজানোর জন্য মৌসুমী ধন্যবাদ দিলেন রূপসজ্জাকর রতন সরকারকে। তবে সাজসজ্জা নিয়ে খানিকটা আক্ষেপ ছিল তারিক আনাম খানের। তিনি বললেন, ‘নাটকটির গল্প, চরিত্র সবই খুব ভালো ছিল। কিন্তু মেকআপটা যদি আরেকটু উন্নত কিংবা আরও একটু সচেতন হওয়া যেত, তাহলে দুর্দান্ত একটা কাজ হতো।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা প্রমুখ।