তিন সংলাপের চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক অনেক দিন আগের কথা নাটকের একটি দৃশ্যে মৌটুসি বিশ্বাস
অনেক অনেক দিন আগের কথা নাটকের একটি দৃশ্যে মৌটুসি বিশ্বাস

নাটকজুড়েই তাঁকে দেখা যাবে। কিন্তু তাঁর মুখের কথা শুনতে অপেক্ষা করতে হবে অনেক। কারণ, পুরো নাটকে মাত্র তিনটি সংলাপ বলবেন অভিনয়শিল্পী মৌটুসি বিশ্বাস। নাটকের নাম অনেক অনেক দিন আগের কথা। মাসুম শাহরিয়ারের গল্পে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রতন ও রিপন। কদিন আগে নাটকটির শুটিং হলো গাজীপুরের জয়দেবপুরের শালবন ও স্টেশন এলাকায়।
এই নাটকে নিজের চরিত্রটি নিয়ে মৌটুসি বলেন, ‘গল্পটা অন্য রকম। আমি বাবার সঙ্গে জঙ্গলে থাকি। সবার ভাষা বুঝি না। সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন বলতে যা বোঝায়, অনেকটা সে রকম। পরিবারের অবস্থাও খুব খারাপ।’
এই নাটকে মৌটুসির তিনটি সংলাপ কী? জানতে চাইলে এক নিশ্বাসেই তিনি বললেন, ‘একটি ‘‘হু’’, আরেকটি ‘‘বনলতা’’ আর শেষেরটি ‘‘বলো, শুনছি’’। বাকি অংশে ইশারা, ইঙ্গিত আর অভিব্যক্তি দিয়ে অভিনয় করেছি।’
অনেক অনেক দিন আগের কথা নাটকের দুই পরিচালকের একজন রিপন বলেছেন, ‘এ রকম গল্পে খুব নাটক নির্মাণ হয় না। আমরা চেষ্টা করেছি এর নির্মাণশৈলীতে একটু ভিন্নতা আনতে।’ এই নাটকে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, আরফান ও পরেশ আচার্য্য। নাটকটি প্রচারিত হবে ঈদ অনুষ্ঠানমালায় দেশ টিভিতে।