তিনবার মেট্রিক ফেল চঞ্চল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার দুবার নয়, তিনবার মেট্রিক ফেল করেছেন চঞ্চল চৌধুরী। তবে ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। তবে তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষটির চাওয়া পূরণ করতে আবার বসেছেন পরীক্ষার বেঞ্চে। নতুন এ নাটকের নাম ‘চম্পাকলি টকিজ’। সিনেমাপ্রেমী চম্পা আর কলির গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। কয়েক দিন আগে নাটকটির শুটিং হয়েছে পুবাইল। এটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম। নাটকটির চম্পা চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া।
নাটকটি নিয়ে পরিচালক বললেন, ‘আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে। তাই গল্পটি মাইজদি শহরকে কেন্দ্র করে। কিন্তু শুটিং করছি পুবাইল।’
তিনি জানালেন, ঈদের পর থেকেই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি। এতে আরও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ।