তিনি পরিস্থিতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান ও নাদিয়া ‘অদল বদল’ নাটকে

অফিসে বস, বাসায় স্ত্রী চাপে রাখেন সাদাসিধে সুমনকে। আর হাসেম শান্ত ভঙ্গিতে গ্রামের মানুষের মধ্যে বড় ধরনের গোলমাল বাধিয়ে দিতে পারেন। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ঠিক করেন, তাকে গ্রাম থেকে বের করে দেবেন। এদিকে চেহারা অবিকল এক বলে দুজনকে নিয়ে গ্রামে তৈরি হয় ঝামেলা। সুমন আসলে পরিস্থিতির শিকার। সুমন ও হাসেম এই দুই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। হাস্যরসাত্মক সব ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘অদল বদল’ নাটকের গল্প।

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে এ গল্প নিয়ে নতুন ধারাবাহিক নাটক ‘অদল বদল’। সেখানে দেখা যাবে একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন সুমন। তিনি ছাপোষা মানুষ। তার বস অত্যন্ত চতুর ও লোভী প্রকৃতির মানুষ। সব সময় তিনি সুমনের ভুল ধরে বকাবকি করেন। বাড়িতে স্ত্রী নীলাও বদমেজাজি স্বভাবের। দ্বৈত এ চরিত্রের অভিনেতা জাহিদ হাসান নাটকের গল্প প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিক নাটকের গল্প ঠিকঠাক না থাকলে দর্শক ধরে রাখা যায় না। এই নাটক তৈরি হচ্ছে সময়োপযোগী একটি গল্প নিয়ে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।’

শফিকুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা। জাহিদ হাসান ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া, ফারহানা মিলি, নীলাঞ্জনা নীলা, এজাজুল ইসলাম, তারিক স্বপন, আমিন আজাদ, মাহমুদুল ইসলাম, আইরিন তানি, নীলা ইসলাম প্রমুখ। রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় দেখানো হবে নাটকটি।