তিশার নতুন অভিজ্ঞতা!

সবাই যেখানে বাণিজ্যিক ধারার ছবিতে কাজ শুরুর পরই বলেন ‘একেবারে অন্য রকম অভিজ্ঞতা’, ‘ভিন্ন চরিত্র’ কিংবা ‘গল্প একেবারেই আলাদা’! সেদিক থেকে ব্যতিক্রম তিশা।
এ বছর তিনি নাম লেখালেন বাণিজ্যিক ছবি মেন্টাল-এ। এর আগে এ ধরনের ছবিতে কাজের অভিজ্ঞতা হয়নি তাঁর। তবে এসব নিয়ে নেই তিশার কোনো আলাদা ভাবনা। তাঁর ভাষায়, ‘অনেকেই বলছেন বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করছি। কিন্তু আমার কাছে এসব আগের মতোই মনে হচ্ছে।’
সম্প্রতি ঢাকার বসুন্ধরা সিটির একটি রেস্টুরেন্টে শুটিং শুরু হয় শামীম আহমেদের মেন্টালছবির। ছবিতে তাঁর সহশিল্পী শাকিব খান।
সহশিল্পীর ব্যাপারে তিশা বলেন, ‘নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। যে কদিন কাজ করেছি, তাতে মনে হয়েছে, শাকিব খান অনেক সহযোগিতাপ্রবণ। আমরা শুটিংয়ের ফাঁকে অনেক বিষয় নিয়ে আলাপও করছি।’
এ ছবিতে তিশাকে দেখা যাবে অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে। মেন্টাল ছবিতে অভিনয়ের জন্য আরও চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল ও ক্ষুদে গানরাজের পড়শী। ছবিতে পড়শী দুটি গানেও কণ্ঠ দিয়েছেন।