তিশার ফোন চুরি, অবশেষে উদ্ধার!

রাজধানীর বাংলামোটর এলাকার ‘প্রিয়াংকা’ শুটিংবাড়িতে নতুন একটি ছবির কাজ করছিলেন অভিনেত্রী তিশা। কাজ করতে করতে হঠাৎই তিনি খেয়াল করে দেখেন, তাঁর মোবাইল ফোনটি যেখানে রেখেছিলেন; সেখানে সেটি নেই! এরপর অনেক খোঁজাখুঁজি করেও সে সময় ফোনটি আর পাওয়া যায়নি। গতকাল বুধবার ‘অস্তিত্ব’ ছবির শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। তিশার সেই ফোন অবশেষে উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিশা তাঁর ফোনসেটটি ফিরে পেয়েছেন বলেই প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তিশা বলেন, ‘মোবাইল ফোন চুরি হলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেক গুরুত্বপূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনীয় কাজের নানা হিসাবও আজকাল ফোনের মাধ্যমেই করি। শেষপর্যন্ত ফোনটা অক্ষত অবস্থায় পেয়ে শান্তি লাগছে।’
কয়েক দিন ধরেই ‘প্রিয়াংকা’ শুটিংবাড়িতে ‘অস্তিত্ব’ ছবির শুটিং করছিলেন তিশা। প্রতিদিনের মতো গতকালও শুটিংয়ে অংশ নিতে তিশা সেখানে যান। এদিকে, ছবির পরিচালক অনন্য মামুনের কাছ থেকে জানা গেছে, সে সময় তিশা শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়লে রূপসজ্জা সহকারী ফাহিম শুটিংয়ের কিছু জরুরি কাগজপত্র এবং তিশার মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে গিয়েছিল।
‘অস্তিত্ব’ ছবিতে তিশা অভিনয় করছেন আরিফিন শুভর বিপরীতে।