তৌকীর-বিপাশার জলরঙে বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগেও তে​​ৗকীর–বিপাশার আমন্ত্রণে নক্ষত্রবাড়িতে বিভিন্ন সময় বসেছিল বরেণ্য শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প l ছবি: সংগৃহীত
এর আগেও তে​​ৗকীর–বিপাশার আমন্ত্রণে নক্ষত্রবাড়িতে বিভিন্ন সময় বসেছিল বরেণ্য শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প l ছবি: সংগৃহীত

নক্ষত্রবাড়ি নামে একটি রিসোর্ট আছে অভিনেতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের, এটা সবার জানা। দিবসটি ভালোবাসার হোক কিংবা বছরের প্রথম দিন—এখন এই দম্পতির উৎসব-পার্বণের প্রতিটি আয়োজনই সেই রিসোর্টকে ঘিরে। সম্প্রতি জানালেন, এবারের বৈশাখেও তাঁরা চলে যাবেন নক্ষত্রবাড়ি। এ বছরের শেষ এবং নতুন বাংলা বছরের শুরুর দিনটি কাটাবেন সেখানেই। তাঁদের সঙ্গে থাকবেন বেশ কয়েকজন চিত্রশিল্পীও। তাঁরাও এই বৈশাখে তৌকীর-বিপাশার সঙ্গে নক্ষত্রবাড়িতেই কাটাবেন। কারণ, সেখানে এই শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘জলরং উৎসব’ নামের আর্ট ক্যাম্প।
শিল্পী বীরেন সোমের তত্ত্বাবধানে ১২ এপ্রিল শুরু হবে ‘জলরং উৎসব’ আর্ট ক্যাম্প। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পে ছবি আঁকবেন মাহমুদুল হক, নাসরিন বেগমের মতো আরও ১০ শিল্পী। আর্ট ক্যাম্পে শিল্পীদের তুলি ভিজবে এবার জলরঙেই, জানালেন তৌকীর আহমেদ। বললেন, ‘প্রতিবার শীতকালে এই ক্যাম্পের আয়োজন করি আমরা। তবে এবার শীতের সময় ক্যাম্প করতে না পারায় আমরা বৈশাখকে বেছে নিয়েছি।’ তৌকীর জানান, শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে নক্ষত্রবাড়ির গ্যালারি সানফ্লাওয়ারেই প্রদর্শনীর আয়োজন করা হবে। এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মাহমুদুল হক ও কনকচাঁপা চাকমা।