‘তোমার মতো নুসরাত ফারিয়ার কথা শুনে মানুষ তার জীবনের সিদ্ধান্ত নেবে?’
সোনিয়া হোসেন: তুমি কি মনে করো, তোমার মতো নুসরাত ফারিয়ার কথা শুনে মানুষ তাদের জীবনের সিদ্ধান্ত নেবে?
নুসরাত ফারিয়া: অবশ্যই।
সোনিয়া হোসেন: আই ডোন্ট থিঙ্ক সো। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। (আমি তা মনে করি না। সত্যিই আমি তা মনে করি না।)
নুসরাত ফারিয়া: দ্যাটস হোয়াই, আমি ‘মা ভার্সেস বউ’-এর মতো শোয়ের হোস্ট।
সোনিয়া হোসেন: কনগ্র্যাচুলেশন ‘মা ভার্সেস বউ শো’। বাট আই অ্যাম রিয়েলি ডিজঅ্যাপয়েন্টেড দ্যট, দিস ইজ হাউ ইউ কল মি অন ইওর শো। (‘মা ভার্সেস বউ শো’কে অভিনন্দন। আমি খুবই হতাশ যে তুমি এইভাবে তোমার শোতে আমাকে ডেকে এনেছ।)
নুসরাত ফারিয়া: নো, তুমি যা করেছ, সেটা গ্রহণ করার মতো তোমার ক্ষমতা থাকতে হবে।
না, কোনো নাটক বা চলচ্চিত্রের দৃশ্য এটা না। ‘মা ভার্সেস বউ’ নামের একটি শোতে এভাবেই তর্ক মেতে উঠেছিলেন অনুষ্ঠানের উপস্থাপিকা নুসরাত ফারিয়া আর অতিথি সোনিয়া হোসেন। কথা-কাটাকাটির একপর্যায়ে অনুষ্ঠানের সেট থেকে শাশুড়ি, স্বামীকে নিয়ে বেরিয়ে যান অভিনয়শিল্পী ও মডেল সোনিয়া। পরে অনুষ্ঠান কর্তৃপক্ষ সোনিয়াকে বুঝিয়ে-শুনিয়ে অনুষ্ঠানে ফিরিয়ে আনে।
২০১৯ সালের জানুয়ারিতে ধারণ করা ও একই বছরে চ্যানেল আই এবং একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত সেই অনুষ্ঠানের দুটি ভিডিও ক্লিপ তিন দিন ধরে হঠাৎ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘুরছে। একটি ভিডিও ক্লিপ অনুষ্ঠানের সেটে ধারণ করা, অন্যটি সেটের বাইরে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপক নুসরাত ফারিয়া সোনিয়াকে বলছেন, ‘হোয়াট আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ নাও, ইটস লাইক ইউ নো লিটল ব্যাক স্টোরি, লিটল ফার্স্ট অ্যাবাউট ইওর পারসোনাল লাইফ অলসো (এখন তোমার কাছ থেকে যেটা আমি জানতে চাই তা হলো, তোমার জীবনের কিছু নেপথ্য গল্প, তোমার ব্যক্তিগত জীবনের কিছু কথা)। তোমার জন্য কি কঠিন ছিল ব্যাপারটা থেকে ওঠে এসে অ্যান্ড দ্যান মুভড টু ইওর লাইফ (জীবনে সামনে এগিয়ে যাওয়া)?’ উত্তরে সোনিয়া বলছেন, ‘না।
আমি এত বেশি স্ট্রং সাপোর্ট সিস্টেমে লাইফ লিড করেছি, আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অব গড ইটস বিন মেনি মেনি ইয়ারস অব মাই লাইফ। বাকিটাও আল্লাহর ইচ্ছা। কেমন যাবে জানি না। একটা সোসাইটিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যামিলি, মা-বাবা, পারিবারিক শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, এভরিথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফে ডিজাস্টার আসবেই। বাট আই হ্যাভ বিন ভেরি লাকি, ভেরি ব্লেসড।’
ভিডিও ক্লিপে দেখা যায়, নুসরাত ফারিয়া বলছেন, ‘আবার তোমাকে একটা প্রশ্ন করতে চাই। রিপিটেটিভ কোনো মিসটেক (পুনরাবৃত্তিক কোনো ভুল) যাতে না হয়। কোনো একটা ইনসিডেন্ট যে তোমার ফার্স্টে হয়েছিল, যেটা নিয়ে তোমার ব্রেকডাউন হয়েছিল, তুমি আবার সেখান থেকে মুভ করে এখানে এসেছ। তোমার কি ওই ভয় কাজ করেছে, আমি আগে যে ভুলটা করেছি, স্টিভের (সোনিয়ার স্বামী) সঙ্গে যদি সেই ভুল হয়ে যায়।’ উত্তরে সোনিয়া বলেন, ‘না আমি আবার বলতে চাই, আমার ভুল তো ছিল না।’োনিয়া
আবার নুসরাত ফারিয়া বলছেন, ‘ওই মিসটেকের জন্য তুমি নতুন ফ্যামিলিতে কোনো অবস্ট্যাকল ফেইস (বাধার মুখোমুখি) করেছ?’ উত্তরে সোনিয়া বললেন, ‘নো, নেভার।’ আবার নুসরাত ফারিয়া বলেন, ‘আমরা আশা করি যে তোমার ভবিষ্যতে যেন এ ধরনের মিসটেক না হয়।’
এবার সোনিয়া বললেন, ‘আমি এই জায়গায় বলতে চাচ্ছি, নুসরাত, তোমার লাইফে কোনো এরর হয়নি?’ ফারিয়া বললেন, ‘আমার লাইফেও এরর আছে। তবে কাগজে-কলমে আমার কোনো এরর হয়নি।’ সোনিয়া বললেন, ‘তার মানে, তুমি কি তাহলে কাগজে-কলমের বাইরে বেশি এরর করেছ কি না, আমি জানি না, তবে তোমার ব্যাপারে সবাই জানে।’
একপর্যায়ে খেপে গিয়ে সোনিয়া বললেন, ‘আমি যদি আগে জানতাম, এই টাইপের প্রশ্ন হবে, অনেস্টলি, আমি এই শোতে আসতাম না। তোমাকে এবং এই শোয়ের ডিরেক্টরকে অনার করেই এসেছি। নাউ আই অ্যাম থিঙ্কিং, তোমরা আসলে বেশি আউট অব দ্য বক্স একটা শো বানাতে গিয়ে মিজারেবলি ফেল করেছ।’