তৌসিফ ও জোভানের 'হতাশা চর্চা কেন্দ্র'

‘আমাদের চারপাশে অসংখ্য মানুষ হতাশায় ভুগছে। বেছে নিচ্ছে আত্মহত্যার পথও। মারাত্মক এই সমস্যা নিয়ে কেউ কথা বলে না। এ নিয়ে সবাইকে আরও সচেতন করতেই এই টেলিছবিতে কাজ করা।’ বলছিলেন অভিনয়শিল্পী তৌসিফ। হতাশা নিয়ে সবাইকে সচেতন করতে তৈরি হচ্ছে টেলিছবি হতাশা চর্চা কেন্দ্র। তাতেই অভিনয় করছেন তিনি, সঙ্গে আছেন জোভান।
টেলিছবিতে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর বন্ধুরা। সেই শিক্ষার্থীর চার বন্ধু একসময় হতাশাগ্রস্ত অন্য তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শুরু করেন ‘হতাশা চর্চা কেন্দ্র’ নামের একটি সংগঠন, সংক্ষেপে যার নাম ‘হচকে’।
হতাশা চর্চা কেন্দ্র টেলিছবিটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ। দ্বৈতভাবে পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও আবদুল্লাহ মাহফুজ। পরিচালক বিশ্বজিৎ বলেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ট্রেনে চাপা পড়ে মারা যান। ছেলেটি হতাশার মধ্যে ছিলেন। সেই ভাবনা থেকেই এই টেলিছবিটি করা।
এটি আসছে ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। ১৬ ও ১৭ এপ্রিল ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় টেলিছবিটির দৃশ্য ধারণ হয়েছে। টেলিছবিতে আরও অভিনয় করেছেন সাল্লা খানম নাদিয়া, ইয়ানা সুহাস প্রমুখ।