তৌসিফ-সাফাদের সঙ্গে বিমানে ঢাকায় এল বুলেটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের প্রোডাকশন বয় মিরাজ বুলেটের স্বপ্ন ছিল আকাশে ওড়ার
ছবি: সংগৃহীত

প্রোডাকশন বয়রা তারকাদের খুব কাছ থেকে দেখেন। কিন্তু তাঁদের জীবনটা সব সময়ই থেকে গেছে তারকাদের ঝলমলে আলোর নিচে ছোট্ট অন্ধকারের মতো। তাই তাঁদের স্বপ্নগুলো থাকে অধরা। নাটকের প্রোডাকশন বয় মিরাজ বুলেটের স্বপ্ন ছিল আকাশে ওড়ার। এবার সেটি পূরণে এগিয়ে এলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।

শুটিংয়ে প্রোডাকশন বয়দের গুরুত্ব বেশ। শুটিংয়ের সবকিছু প্রস্তুত করার দায়িত্ব থাকে তাঁদের হাতে। পাশাপাশি শুটিং ইউনিটের সবার দিকে খেয়াল রাখেন তাঁরা। কার চা লাগবে, কার নাশতা লাগবে, কোন প্রপসটা নেই, কার সিএনজি লাগবে—সব কাজের কাজি এই প্রোডাকশন বয়রা। মিরাজ বুলেট জানান, তারকাদের জুতা সেলাই থেকে শুরু করে লাগেজ বহন করা, প্রয়োজনীয় খাবার এনে দেওয়া, মাথায় ছাতা ধরাসহ নানা কাজ তাঁকে করতে হয়। বুলেট এই কাজগুলো মন দিয়ে করেন। কিন্তু ঢাকার বাইরে শুটিংয়ে গেলে বেশির ভাগ সময়ই প্রোডাকশন টিমের সদস্যদের যাত্রাপথে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কখনো বাসের পেছনের সিটে, কখনো শুটিংয়ের গাড়িতে মালামালের ওপর বসে যেতে হয় তাঁদের। ৩ জনের স্থানে চাপাচাপি করে ৬–৭ জনকে নিয়ে যাওয়া হয়। বুলেট বলেন, ‘সব সময় দেখতাম ঢাকার বাইরে শুটিং হলে তারকারা প্লেনে যাওয়া–আসা করেন। প্রোডাকশন হাউস থেকে তাঁদের টিকিট দিয়ে আসতাম। তাঁদের দেখে আমার শখ হয় প্লেনে ওঠার।’

সেই শখ পূরণে এবার এগিয়ে এলেন নির্মাতা মোহন আহমেদ। ২২ ডিসেম্বর কক্সবাজারে ছিল ‘নাবিক’ এবং ‘১৯৮৯’ নামের দুটি নাটকের শুটিং। শুটিং শেষে ঢাকায় ফেরার আগের দিন ২৭ ডিসেম্বর নির্মাতা মোহন আহমেদ মিরাজ বুলেটকে প্লেনের একটি টিকিট দেন। মোহন বলেন, ‘বুলেট কাজের প্রতি খুব যত্নবান। খুবই বিশ্বস্ত। বুলেটের বিমানে আসার ইচ্ছাটি আমি বিভিন্ন সময় শুনেছি। কিন্তু বাজেট থাকত না। এবার নিজের টাকা দিয়েই তাকে বিমানের টিকিট কেটে দিয়েছি।’

মিরাজ বুলেট ২০১০ সালে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী তৌসিফ আহমেদ ও সাফা কবিরের সঙ্গে বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় এসেছেন মিরাজ বুলেট। বিমানের টিকিট পেয়ে আবেগে চোখ ভারী হয়ে আসে বুলেটের। তিনি জানান, অনেক বছর ধরে তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন প্লেনে উঠবেন। সেই স্বপ্ন এত তাড়াতাড়ি পূরুণ হবে, তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। মিরাজ বুলেট বলেন, ‘যাঁদের অনেক টাকা আছে তাঁদের কাছে এর হয়তো কোনো গুরত্ব নেই, কিন্তু আমার জন্য এটা স্বপ্নের মতো।’

বিমানে উঠে প্রথমে খুব অস্বস্তিতে ছিলেন বুলেট। বিমানের অনেক যাত্রীই তাঁর দিকে অন্যভাবে তাকিয়ে ছিল। বিমান আকাশে ওড়ার পরে তাঁর ভালো লাগে। একসময় আনন্দে তাঁর চোখে পানি চলে আসে।

নির্মাতা মোহন আহমেদের সেলফিতে বুলেট ও নাটকের কলাকৌশলীরা
ছবি: সংগৃহীত

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একজন প্রোডাকশন বয়ের দৈনিক পারিশ্রমিক এক হাজার থেকে পনেরো শ টাকা। নিয়মিত শুটিং হলে তাঁদের মাসে ১০ থেকে ১৫ দিনের মতো কাজ থাকে। এই আয় দিয়েই তাঁরা পরিবার নিয়ে বেঁচে থাকেন। তাই তাঁদের বিলাসিতার কোনো সুযোগ থাকে না। প্রতিদিন সকাল ৮ টায় তাঁদের শুটিংয়ে যেতে হয়, ফেরেন সবার শেষে, কখনো রাত ১২টা কখনো ভোর ৫টায়।
মিরাজ বুলেট ২০১০ সালে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। প্রথম দিকে তাঁকে কেউ তেমন নিতে চাইত না। এ কারণে শুটিং সেটে মনোযোগ দিয়ে কাজ করা শুরু করেন তিনি। এভাবে শুটিং ইউটনিটে পরিচিত নাম হয়ে ওঠে মিরাজ বুলেট।

নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মিরাজ বুলেটের পড়ালেখার সুযোগ হয়নি। এরপর শুটিং ইউনিটেই নির্মাতা নিয়ামুল মুক্তা অক্ষরজ্ঞান শিখেয়েছেন। শরীরিক সামর্থ্যের তুলনায় কাজ বেশি করায় তাঁর উপাধি দেওয়া হয় বুলেট।

সততার জন্য নির্মাতা এবং অভিনয়শিল্পীদের কাছ থেকে উপহার পেয়েছেন নানা কিছু।
ছবি: সংগৃহীত

তারপর থেকে শুটিং ইউনিটে মিরাজ বুলেট নামেই পরিচিতি পান তিনি। বুলেট এখন বাংলা ও ইংরেজি ভাষা দেখে পড়তে ও লিখতে পারেন। বুলেট প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন নির্মাতা রেদওয়ান রনি, নিয়ামুল মুক্তা, মোহন আহমেদসহ বেশ কিছু নির্মাতার সঙ্গে। ‘কাঠবিড়ালি’ ছবির নির্মাতা নিয়ামুল মুক্তা বলেন, ‘কাজের প্রতি বুলেটের মতো ভালোবাসা অন্য কারও মধ্যে দেখিনি। আমার মনে হয়েছে সে ভবিষতে ভালো করবে। এ জন্য তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলাম।’
শুধু কাজ নয়, মানুষ হিসেবেও সৎ বুলেট। সততার জন্য নির্মাতা এবং অভিনয়শিল্পীদের কাছ থেকে উপহার পেয়েছেন নানা কিছু। এই তালিকায় আছে মোবাইল, চশমা, জুতা, জামাকাপড় ইত্যাদি। তিনি জানান, তাঁর একটাই ইচ্ছা, টেলিভিশন ইন্ডাস্ট্রির সবাই তাঁকে সততার জন্য চিনবে।

নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মিরাজ বুলেটের পড়ালেখার সুযোগ হয়নি।
ছবি: সংগৃহীত