থিয়েটারের গল্প নিয়ে টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী থিয়েটার টেলিছবির দৃশ্যে নিশা
নীলফামারী থিয়েটার টেলিছবির দৃশ্যে নিশা

জেলা শহরের পুরোনো থিয়েটার। অনেকটাই ঝিমিয়ে পড়েছে। হুট করেই একটা চিঠি আসে সেখানে। সেই চিঠি পাল্টে দেয় পরিবেশ। ‘অশনিসংকেত’ নিয়ে এলেও চিঠিটা একসময় থিয়েটারকর্মীদের আগ্রহী করে তোলে নতুন নাটক মঞ্চায়নে। শুরু হয়ে যায় একটি নাটক মঞ্চায়নের যুদ্ধ। পুরো শহরটাই যোগ দেয় এ যুদ্ধে। থিয়েটারের এমন পরিচিত গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিছবি নীলফামারী থিয়েটার। গত মাসের মাঝামাঝি নীলফামারীতে শুটিং হলো টেলিছবিটির। নির্মাণ করেছেন উৎপল সর্বজ্ঞ। চিত্রনাট্যও তাঁর।
নীলফামারী থিয়েটার নিয়ে নির্মাতা বললেন, ‘নীলফামারীতে আমার জন্ম এবং বেড়ে ওঠা। সেখানেই থিয়েটার করেছি অনেক দিন। তাই সেখানকার গল্পগুলো আমার চেনা। সবাই সহযোগিতাও করেছেন। এমনকি গল্পের প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিও আমার টেলিছবিতে অভিনয় করেছেন।’
পরিচালকের ভাষায়, ‘আমার এ গল্পটা আবেগের, ভালোবাসার। যেকোনো থিয়েটারকর্মীর কাছেই এটি ভালো লাগবে।’
টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে আগামী শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন আলভী, প্রণব, নিশা, কচি খন্দকার, উৎপল সর্বজ্ঞসহ স্থানীয় নাট্যকর্মীরা।