দশে বাংলাভিশন

‘দৃষ্টি জুড়ে দেশ’ স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ চ্যানেলটি ১০ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে বাংলাভিশন দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ সকাল নয়টা থেকে বাংলাভিশনের স্টুডিওতে অনুষ্ঠিত সরাসরি সংগীতানুষ্ঠান ‘দশম বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারা দিন চ্যানেলটিতে প্রচারিত হবে রোড শো ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। তা ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও চিত্রনায়ক রিয়াজের অংশগ্রহণে রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টক শো ‘আনন্দ–বেদনার কাব্য-২০১৫’।
পাশাপাশি থাকবে বিশেষ নাটক, টক শো আর গানের অনুষ্ঠানও। চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালার বাইরে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে বাংলাভিশন বের করবে আনন্দ শোভাযাত্রা।