দাঁড়ি নিয়ে বিপাকে!

বেশ কিছুদিন ধরেই গোঁফ-দাঁড়ি কাটছেন না অভিনেতা ইরেশ যাকের। অবশ্য এই দাঁড়ি না কাটার কারণ সম্পর্কে ইরেশ জানিয়েছেন, সম্প্রতি তিনি গিয়াস উদ্দিন সেলিমের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘চরিত্রের প্রয়োজন’ বলতে যা বোঝায় ঠিক এ কারণেই দাঁড়ি রাখছেন তিনি।
নকল দাঁড়ি নয়; সত্যিকারের দাঁড়ি নিয়েই তিনি অভিনয় করতে চান ওই চরিত্রে।
চরিত্রটি নিয়ে কথার শুরুতেই ইরেশ বললেন, ‘ওই সিনেমার চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ এটি গ্রামের একটি নেতিবাচক চরিত্র। বেশ চটপটে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এমন একটি চরিত্রে অভিনয় করছি আমি। এ জন্যই দাঁড়ি রাখতে হয়েছে।’
দাঁড়ি রাখা প্রসঙ্গে বললেন, ‘বেশ কয়েক দিন ধরেই দাঁড়ি রেখেছি। এটা বেশ কঠিন আমার জন্য। আমি ঠিক অভ্যস্ত নই। সারাক্ষণ অস্বস্তির মধ্যে আছি। দাঁড়ি মেইনটেন করা খুব কঠিন কাজ। দাঁড়ি রেখে আমার বাবার প্রতি আলাদা শ্রদ্ধা চলে এসেছে। কীভাবে তিনি এত দিন ধরে এটা মেনটেইন করে চলেছেন আমি ভাবতেই পারছি না।’
গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমার নাম ‘স্বপ্ন জাল’। খুব তাড়াতাড়ি এ ছবির শুটিং শুরু হবে বলেও জানালেন ইরেশ। তবে সঠিক তারিখটি এখনো অজানা। এই ছবিতে অভিনয়ের জন্য অনেক দিন ধরেই তিনি টেলিভিশন নাটকে অভিনয় করছেন না।
ইরেশ আরও বলেন, ‘যেকোনো সময় শুটিং শুরু হতে পারে। দাঁড়ি কেটে টেলিভিশনে অভিনয় করলে আবার সময় লাগবে চরিত্র উপযোগী দাঁড়ি হতে। তাই অপেক্ষায় আছি।’