দীপ্ত টিভি

পাওয়ারফুল
দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় দেখানো হবে নাটক পাওয়ারফুল। অঞ্জন আকাশের রচনায় ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জুঁই। পিন্টু-মিন্টু ঘনিষ্ঠ বন্ধু হলেও দুজনের নানা ধরনের মতপার্থক্য রয়েছে। পিন্টু মনে করে, সততাই সফলতার চাবিকাঠি আর মিন্টু মনে করে টাকা ও পেশিশক্তিই সফলতার চাবিকাঠি। তারা দুজনেই পছন্দ করে মহল্লার সুন্দরী মেয়ে লাইলীকে। কিন্তু লাইলী ব্যক্তির চাইতেও পাওয়ারকে বেশি পছন্দ করে। লাইলীর কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরে। দুজনে আলাদাভাবে পাওয়ারফুল হওয়ার জন্য উপায় খুঁজতে শুরু করে।
কে হায় হৃদয় খুঁড়ে
দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ছয়টায় দেখানো হবে টেলিছবি কে হায় হৃদয় খুঁড়ে। শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারজানা ছবি ও অহনা। নীপা-লিপনের বিয়ে হয়েছে কয়েক দিন হলো। এখনো দুজন দুজনকে চেনার সুযোগ পায়নি। কক্সবাজারে হানিমুনে যাওয়ার পথে লিপনের বন্ধু জাফরের সঙ্গে তাদের দেখা হয়। লিপন জাফরের সঙ্গে নিপাকে পরিচয় করিয়ে দিতে জাফর বলে ওঠে, ‘সত্যিই ভাবি, নাকি গতবারের মতো!’ কথাটা নিপার মনে সন্দেহ তৈরি করে। কোনোভাবেই কথাটা মাথা থেকে সরাতে পারে না সে। লিপনের কাছে জানতে চাইলে সে জানায়, একটা মেয়ের সঙ্গে তার প্রেম ছিল। এখন আর নেই। নিপার ধারণা, এখনো সেই মেয়ের সঙ্গে লিপনের প্রেম আছে। লিপন নিপার অতীত জানতে চায়। নিপা তাকে এমন এক অতীত জানায় যেটা লিপন সহ্য করতে পারে না। এগিয়ে চলে গল্প।
এখানে প্রেমের আলাপ নিষেধ
দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক এখানে প্রেমের আলাপ নিষেধ। মারুফ রেহমানের রচনায় ও শহীদ উন নবীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা। জয়নাল তার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে খুব বিপদে আছে। আগে এখানে সবাই রাজনৈতিক আলাপ করত। এখন করে প্রেমের আলাপ। তারা প্রেম করুক তাতে সমস্যা নেই। সমস্যা হলো, সব প্রেমের আলাপ শেষ পর্যন্ত ঝগড়ায় পৌঁছায়। প্লেট, গ্লাস ভেঙে সেই ঝগড়া শেষ হয়। তাই জয়নাল সাইনবোর্ড ঝুলিয়ে দেয়—এখানে প্রেমের আলাপ নিষেধ। এদিকে জয়নাল নিজেই প্রেমে পড়েছে। ফেসবুকে এক মেয়ের সঙ্গে প্রথমে পরিচয়, পরে প্রেম। মেয়েকে সে রেস্টুরেন্টে দাওয়াত দেয়। মেয়েটি সাইনবোর্ড দেখে রাগ করে চলে যায়। জয়নাল এবার নিজের প্রেম বাঁচানোর জন্য নতুন বুদ্ধি করে।
প্রেমিকার বিয়ে
দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টায় দেখানো হবে নাটক প্রেমিকার বিয়ে। দীপ্ত টিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তানভীর সানি। এতে অভিনয় করেছেন নাফিজা কামাল ঝুমুর, মিশু সাব্বির, আইরিন আফরোজ, সোনিয়া হোসেন।
মারুফ সেই ছোটবেলা থেকে যে মেয়েকে পছন্দ করে, ভালোবাসে, ভালোবাসার কথা জানানোর আগেই সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এ জন্য মারুফ নিজেকে অপয়া ভাবে। কিন্তু একটা কথা রটে যায় সবখানে—মারুফের প্রেমিকা হয়ে যাওয়া মানে সেই মেয়ে সুপাত্রস্থ হয়। এরপর থেকে যে মেয়েদের বিয়ে হয় না, তাদের সঙ্গে মারুফের প্রেম করার অনুরোধ আসে।