দুই দশক পর ধারাবাহিকে শাহিন খান

দুই দশক পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করলেন শাহিন খান। এই ধারাবাহিক নাটকটির নাম ‘সাতটি তারার তিমির’। ধারাবাহিক নাটকটির ১৮৬ পর্ব থেকে দেখা যাবে তাঁকে। এ নাটকে তিনি অভিনয় করেছেন অপর্ণার (জয়িতা মহলানবিশ) স্বামীর চরিত্রে। এটিএন বাংলায় নিয়মিত দেখানো হচ্ছে ধারাবাহিকটি।
শাহিন খান ধারাবাহিক নাটকে শেষ অভিনয় করেছিলেন ১৯৯৪ সালে। বিটিভিতে প্রচারিত ওই ধারাবাহিক নাটকের নাম ‘মাটির মায়া’। দুই বছর পর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। ফিরে আসেন ২০০৯ সালে।
চাকরি আর নিজের ব্যস্ততার কারণে মঞ্চ কিংবা টিভির কোনো ধারাবাহিকে কাজ করেননি শাহিন খান। অবশ্য, চাকরি থেকে সময় বের করে অভিনয় করেছেন চারটি এক ঘণ্টার নাটকে। আর দীর্ঘ ২১ বছর পর আবারও ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে কোনো ধারাবাহিক নাটকের অভিনয়ে ফিরলেন তিনি।

আজ রোববার সকালে মুঠোফোনে শাহিন খান বলেন, ‘এই দীর্ঘ ধারাবাহিকটি তৈরি করছেন আফসানা মিমি। তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় ২৫ বছরের। ধারাবাহিকটিতে কাজ করার জন্য মিমি আমাকে অনুরোধ করেছিলেন। বন্ধুর অনুরোধেই কাজটি করছি।’
শুটিং প্রসঙ্গে শাহিন খান বলেন, ‘গত সপ্তাহের শুক্রবার আর শনিবার শুটিং করেছি। এখন তো মনে হচ্ছে, কাজটা আমাকে আরও অনেক দিন করতে হবে।’