দুই বন্ধু অবশেষে একসঙ্গে

লম্বা সময় ধরে একই অঙ্গনে কাজ করে যাচ্ছেন। বন্ধুত্বটা সেই সূত্র ধরেই। এরই মধ্যে সেই বন্ধুত্বের বয়স নয় বছর হয়ে গেছে। কিন্তু দীর্ঘ সময়ে এই দুই বন্ধু কখনো একসঙ্গে কোনো কাজ করেননি। দেরিতে হলেও এবার সেই সুযোগটা পেলেন ইমন ও সারিকা। একসঙ্গে এক ঘণ্টার একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে এই দুই বন্ধু পর্দায় প্রথমবারের মতো জুটি হচ্ছেন। নাটকটির নাম আকাশ বাড়িয়ে দাও।
গত মঙ্গলবার রাজধানীর দিয়াবাড়ি এলাকায় নাটকটির শুটিং শুরু হয়।
শুটিংয়ের ফাঁকে ইমন বলেন, ‘আমার জন্য আজ একটা স্মরণীয় দিন। আমার দীর্ঘদিনের বন্ধু সারিকা। প্রায় তিন বছর পর ও আবার অভিনয়ে ফিরেছে। আর ফিরেই আমরা একসঙ্গে কাজের সুযোগ পেয়ে গেলাম। বিষয়টা ভেবে আনন্দ লাগছে।’
একই রকম অনুভূতি সারিকারও। তিনি বলেন, ‘মাঝে আমি মিডিয়াতে কাজ না করলেও আমাদের বন্ধুত্বে ছেদ পড়েনি কখনো। সব সময়ই যোগাযোগ ছিল। অবশেষে এত বছর পর এসে অভিনয়টাও করা হলো। আশা করছি আমাদের বন্ধুত্বের প্রভাব আমাদের অভিনয়ে পড়বে। আমাদের জুটির কাজ দর্শকেরা ভালোভাবে নেবেন।’
বি ইউ শুভ পরিচালিত এ নাটকটি লিখেছেন শফিকুর রহমান। পরিচালক জানান, এটিএন বাংলার ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।