দুই বাংলায় ছয় নাটক
>
- ভালোবাসা দিবস উপলক্ষে দুই বাংলায় নির্মিত হচ্ছে ছয়টি নাটক।
- শিরোনাম ‘ভালোবাসার ফ্রেশ গল্প’।
- নাটকগুলো নির্মাণ করছেন ছয় বাংলাদেশি নির্মাতা।
ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারের জন্য দুই বাংলায় নির্মিত হচ্ছে ছয়টি নাটক। ‘ভালোবাসার ফ্রেশ গল্প’ শিরোনামের এই নাটকগুলো নির্মাণ করছেন ছয় বাংলাদেশি নির্মাতা। এরই মধ্যে কলকাতায় শুটিং শুরু করেছেন নুরুল আলম আতিক (আমায় খুঁজো না), গোলাম সোহরাব দোদুল (হঠাৎ তুমি), কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (বি-স্বর্গ)। দেশে তিনটি নাটক নির্মাণ করবেন অনিমেষ আইচ (নির্বাসন), শিহাব শাহীন (বাসস্টপ), তানিম রহমান (যখন বসন্ত)।
ছয়টি নাটকে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পীরা অভিনয় করছেন। অভিনয়শিল্পীর তালিকায় আছেন অপি করিম, রিয়াজ, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, মম, অপূর্ব, সাজু খাদেম, শার্লিন, নিশো, রওনক হাসান, তারিন, কলকাতার দেবদূত ঘোষ, ভাস্বর চ্যাটার্জি ও পায়েল সরকার।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এসব জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সম্প্রচার সহযোগী এনটিভি, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আইয়ের কর্মকর্তারা। জানানো হয়, ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকগুলো।