দুই বোন, দুই বন্ধু

গেল ঈদে আরটিভিতে ভানুমতির খেল নাটকে দুই বোনকে একসঙ্গে দেখা গেছে। নাটকটি পরিচালনা করেছিলেন শরাফ আহমেদ। আসছে ঈদেও এই দুই বোন আবারও কাজ করছেন একসঙ্গে। আজমেরী আশা ও পিয়া বিপাশা অভিনীত নতুন নাটকটির নাম পিপ পিপ হুররে।
সাত পর্বের ধারাবাহিকটি ঈদুল আজহার অনুষ্ঠানমালায় প্রচারের জন্য তৈরি হচ্ছে। এটি লিখেছেন শফিকুর রহমান। পরিচালনা করছেন বি ইউ শুভ। নাটকে তাঁদের দেখা যাবে দুই বন্ধুর চরিত্রে।
বোনের সঙ্গে অভিনয় করতে কেমন লাগে—জানতে চাইলে আজমেরী আশা বলেন, ‘কাজগুলো তখন খুব সহজ লাগে।’ তবে মাঝেমধ্যে কিন্তু কিছু ঝামেলাও তৈরি হয়। এই ঝামেলাগুলো নিয়ে পিয়া বিপাশা বলেন, ‘অনেক সময় দেখা যায় দুজন মুখোমুখি দাঁড়িয়ে সিরিয়াস কোনো দৃশ্যে সংলাপ দিচ্ছি। কিন্তু দুই বোন দুজনের দিকে তাকালেই হাসি চলে আসে। বারবার শট এনজি হয়!’
নেপালের বিভিন্ন লোকেশনে হচ্ছে নতুন এই নাটকটির শুটিং। ধারাবাহিক এই নাটক এশিয়ান টেলিভিশনের জন্য তৈরি করছেন বলে নির্মাতা জানান। নাটকটিতে আরও অভিনয় করছেন ইমন, সজল, তানভির ও নাজিরা মৌ।