দুই ভাইয়ের চরিত্রে এক ইমন!

দুই ভাই—আসিফ আর আতিক। এক ভাই চশমা পরেন, আরেক ভাই টুপি। দৃশ্যমান বৈশিষ্ট্য বলতে এ-ই। অবশ্য ‘দ্বৈত চরিত্র’ হয়ে ওঠার জন্য কথাবার্তা এবং চালচলনেও কিছুটা পার্থক্য আছে। তবে একটা জায়গায় মিল আছে তাঁদের। দুজনের ভালোবাসার মানুষ একই। তাঁকে নিয়েই এগিয়ে চলে গল্প। ভালোবাসা, টানাপোড়েন, অবিশ্বাস আর ত্যাগের নিদর্শন নিয়েই নির্মিত হলো টেলিছবি ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। এই টেলিছবির দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইমন। রচনা ও পরিচালনা জামাল মল্লিকের। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও মাহবুবা স্বর্ণা। গেল সপ্তাহে টেলিছবিটির শুটিং হয় ঢাকার উত্তরায়। এখন চলছে সম্পাদনার কাজ।
দ্বৈত চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইমন বললেন, ‘আমার জন্য এটা অন্য রকম অভিজ্ঞতা। এক চরিত্র থেকে খুব দ্রুত আরেক চরিত্রে ঢুকতে হয়েছে। কাজটা চ্যালেঞ্জিং ছিল। এক ভাই সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, আরেক ভাই ভালোবাসার মানুষকে পেতে মরিয়া। সব মিলিয়ে গল্পটি বেশ ভালো জমেছিল।’
পরিচালক জানান, আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো।