দুই মুষ্টিযোদ্ধার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মুষ্টিযোদ্ধা এফ এস নাঈম ও ইরফান সাজ্জাদের লড়াই চলবে শহরে প্রেমের স্লোগান টেলিছবিতে
দুই মুষ্টিযোদ্ধা এফ এস নাঈম ও ইরফান সাজ্জাদের লড়াই চলবে শহরে প্রেমের স্লোগান টেলিছবিতে

কুস্তি এবং মুষ্টিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে দেদার। সম্প্রতি বলিউডে নির্মিত সালমান খানের সুলতান নিয়েও আলোচনা কম হয়নি। ছবিতে দেখা গেছে কুস্তিগির সালমান খানকে। এবার বাংলাদেশের টিভি অভিনেতা এফ এস নাঈম ও ইরফান সাজ্জাদ অভিনয় করলেন মুষ্টিযোদ্ধার চরিত্রে। শহরে প্রেমের স্লোগান নামের এই টেলিছবিটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। কয়েক দিন আগে পুরান ঢাকার একটি স্টুডিওতে সেট নির্মাণ করে শুটিং হয়েছে এই টেলিছবির।
এতে একজন পেশাদার মুষ্টিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘চিত্রনাট্য হাতে পাওয়ার পরই আমি ঘরে বসে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। একসময় বেশ অসুস্থ হয়ে পড়ি। পরে অসুস্থতা নিয়েই শুটিং করেছি। শুরুতে একটু চিন্তায় ছিলাম।’
নাটকটিতে মুষ্টিযোদ্ধা চরিত্রটিকে পুরোপুরি বাস্তবসম্মত করতে নির্মাতা সহযোগিতা নিয়েছেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন-এর। তিনি বললেন, তাদের পূর্ণ সহযোগিতায় মুষ্টিযুদ্ধের ব্যাপারটি তুলে আনা গেছে। তাদের মাধ্যমেই সেট নির্মাণ এবং অভিনয়শিল্পীরা প্রশিক্ষণ নিয়েছেন।
টেলিছবিটির আরেক অভিনেতা এফ এস নাঈম বললেন, ‘চরিত্রটি নিয়ে শুরুতে খুব ভয়ে ছিলাম। আমি ও পরিচালক মিলে অনেকবার বসে আলোচনা করেছি। আমাকে মুষ্টিযোদ্ধার পাশাপাশি টেলিছবিতে একজন রিকশাচালকের চরিত্রেও অভিনয় করতে হয়েছে। দুটোই বেশ চ্যালেঞ্জিং ব্যাপার।’
শহরে প্রেমের স্লোগান টেলিছবিতে আরও অভিনয় করেছেন তাহসিন, লুৎফর রহমান জর্জ। টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে।