দুর্ঘটনা থেকে রক্ষা!

কারওয়ান বাজার রেললাইনে নাটকের শুটিং করছিলেন অভিনেতা মিশু সাব্বির। এমন সময় হঠাৎ করে দুই দিক থেকে চলে আসে দুটি ট্রেন। খুব কাছাকাছি চলে এলে শুটিং রেখে দৌড় দেন সবাই। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানালেন মিশু।
গতকাল বুধবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে একটি খণ্ড নাটকের শুটিংয়ের সময় এমনটা ঘটে। মেহেদী হাসানের পরিচালনায় নাটকটির নাম একজন অজ্ঞাতনামা তরুণীর গল্প। এতে মিশুর বিপরীতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। ঈদের জন্য নির্মিত এ নাটকে মিশু অভিনয় করছেন একজন জেলফেরত ভবঘুরের চরিত্রে। বললেন, ‘জেল থেকে বের হয়ে আমি ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াই। এ জন্যই কারওয়ান বাজার রেললাইন ধরে হাঁটতে থাকি। দৃশ্যটি হচ্ছে, আমি আনমনে হাঁটব আর পেছন থেকে ট্রেন আসবে। হচ্ছিল তেমনটাই। অন্যদিক থেকে যে দ্রুতগতিতে আরেকটি ট্রেন আসছে, প্রচণ্ড শব্দের কারণে তা টের পাইনি। এমন সময় ইউনিটের বাইরের একজনের চিৎকারে তাকিয়ে দেখি, ট্রেনটি খুব কাছে চলে এসেছে। তারপর যে যেভাবে পারলাম দিলাম দৌড়! এ যাত্রায় প্রাণে বেঁচে গেলাম।’
এক অজ্ঞাতনামা তরুণীর গল্প নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিশু। বললেন, ‘অভিনয়ের ক্ষেত্রে আমি এখন ব্যতিক্রমী চরিত্রে কাজ করার চেষ্টা করছি। এ নাটকে আমার চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। খুব ভালো লাগছে এতে কাজ করতে পেরে।’